• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কপ৩১: কথা অনেক, সিদ্ধান্ত-পদক্ষেপও নেই- বিশ্ব নেতাদের ওপর বাংলাদেশের তরুণদের ক্ষোভ

প্রকাশিত: ১৪:৪৭, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:৪৭, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কপ৩১: কথা অনেক, সিদ্ধান্ত-পদক্ষেপও নেই- বিশ্ব নেতাদের ওপর বাংলাদেশের তরুণদের ক্ষোভ

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় অভিযোজন অর্থায়ন তিন গুণ করা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে বেরিয়ে আসার পথনকশা এবং জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা—কপ৩১ ঘিরে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রত্যাশা ছিল এমনই। কিন্তু সম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্তে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সুনির্দিষ্ট অঙ্গীকার যেমন আসেনি, তেমনি অভিযোজন অর্থায়ন বাড়ানোর প্রতিশ্রুতি বাস্তবায়নের হিসাব ও সময়সীমা নিয়েও রয়ে গেছে অস্পষ্টতা। দীর্ঘ আলোচনা, দর-কষাকষি ও নির্ধারিত সময়ের পরও গুরুত্বপূর্ণ দাবিগুলোতে কার্যকর সমঝোতা না হওয়ায় প্রশ্ন উঠেছে সম্মেলনের অর্জন নিয়ে। 

বাংলাদেশের তরুণ জলবায়ুকর্মীদের চোখে এই সম্মেলন কতটা সফল, কোথায় ব্যর্থতা এবং আগামী দিনের জলবায়ু আন্দোলনে তারা কী বার্তা দিতে চান, তরুণ জলবায়ু কর্মীদের সঙ্গে কথা বলে এসব প্রশ্নের জবাব খুঁজেছেন কেফায়েত শাকিল।

ব্রাইটার্স ইয়ুথ নেটওয়ার্ক চেয়ার ফারিহা অমি বলেন, কী এক অদ্ভুত বাস্তবতা! বিশ্বনেতারা বিশ্বশান্তি, মানবতার কল্যাণ ও পৃথিবীকে বাঁচানোর কথা বলেন। অথচ কয়লা, তেল ও গ্যাস থেকে বেরিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের মতো একটি মৌলিক বিষয়ে তাঁরা ঐকমত্যে পৌঁছাতে পারেন না।

তিনি আরো বলেন, তুরস্ক ও অস্ট্রেলিয়া প্রায় দুই বছর ধরে COP-এর প্রেসিডেন্সি নিয়ে কূটনৈতিক প্রতিযোগিতা চালিয়েছে। শেষ পর্যন্ত তুরস্ক COP President এবং অস্ট্রেলিয়া President of Negotiations-এর দায়িত্বে এসেছে। সবার প্রত্যাশা ছিল, এই সম্মেলন হবে ‘COP of Implementation’-যেখানে প্রতিশ্রুতির চেয়ে বাস্তবায়ন বেশি গুরুত্ব পাবে। কিন্তু শেষ পর্যন্ত একটি Cover Decision ছাড়াই COP31-এর সমাপ্তি!

এভাবে চলতে থাকলে শুধু জলবায়ু আলোচনাই নয়, ধীরে ধীরে বহুপাক্ষিক সহযোগিতা (Multilateralism) ও আন্তর্জাতিক জলবায়ু ব্যবস্থার ওপর থেকেও বিশ্বের আস্থা হারিয়ে যাবে। পৃথিবীকে বাঁচানোর প্রশ্নে যদি বিশ্বনেতারা একমত হতে না পারেন, তাহলে তাঁদের প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা কোথায়?” প্রশ্ন তুলেন তরুণ এই জলবায়ু অধিকার কর্মী।

ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান বলেন, কপ৩১-এ বিশ্বনেতারা জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার পথ নিয়ে একমত হতে পারেননি। ঐতিহাসিকভাবে সবচেয়ে বেশি নিঃসরণকারী ধনী দেশগুলোকে আগে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানোর সময়সীমা ঘোষণা করতে তেলনির্ভর ও উদীয়মান অর্থনীতির দেশগুলোকেও দায় নিতে হবে। ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অভিযোজন অর্থায়ন তিন গুণ করে তা অনুদান হিসেবে দিতে হবে। ক্ষয়ক্ষতি মোকাবিলায়ও আলাদা অনুদান চাই।

তিনি আরো বলেন, ন্যায্য রূপান্তর নিশ্চিত করতে জ্বালানি খাতের সিদ্ধান্তে শ্রমিক ও স্থানীয় মানুষের মতামতকে গুরুত্ব দিতে হবে। যাঁদের জীবিকা বদলাবে, তাঁদের আয় সুরক্ষিত রাখতে হবে এবং প্রশিক্ষণ ও মর্যাদাপূর্ণ কাজের ব্যবস্থা করতে হবে।

পূর্বের ছয়টি জলবাযু সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে সোহান বলেন, টানা ছয়টি জলবায়ু সম্মেলন অনুসরণ করে আমার মনে হয়েছে, খসড়া তৈরির শুরু থেকেই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র ও স্বল্পোন্নত দেশগুলোর মতামতকে গুরুত্ব দিতে হবে। ঐকমত্যের সব চেষ্টা ব্যর্থ হলে ভোট হোক, আর প্রতিটি সরকার প্রকাশ্যে জানাক কোন পক্ষে ভোট দিয়েছে এবং কেন।

জলবায়ু সুবিচার আমাদের অস্তিত্বের প্রশ্ন। একটি সম্মেলনের ফল দেখে আমরা তরুণেরা হতাশ হলে চলবে না। বাংলাদেশের উপকূলে স্থানীয় মানুষের সঙ্গে মিলে আমরা হিসাব চাইতে পারি অভিযোজনের টাকায় কোন এলাকায় নিরাপদ পানি পৌঁছাল, আর কারা এখনও অপেক্ষায় আছেন? তাঁদের দাবি নিয়েই দেশে দেশে তরুণদের সঙ্গে মিলে বৈশ্বিক জলবায়ু সুবিচারের আন্দোলন আরও জোরদার করতে হবে।

বাংলাদেশ ইয়ুথ কপ ২০২৬ এর লিড সাগর কর বলেন,  তুরস্কের আনতালিয়ায় কপ-৩১এর সার্বিক সিদ্ধান্তসমূহ আমাদের আবারও কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। জলবায়ু সংকট মোকাবিলায় বৈজ্ঞানিক ঐকমত্য থাকলেও সার্বিক রাজনৈতিক ঐকমত্য এখনো অনেক দূরের বিষয়।

প্রায় দুই সপ্তাহের আলোচনা, অসংখ্য দ্বিপাক্ষিক বৈঠক, কূটনৈতিক দরকষাকষি, বিভিন্ন Negotiating Blocs-এর অবস্থান এবং শেষ মুহূর্তের সমঝোতার প্রচেষ্টার পরও সম্মেলনটি একটি ঐকমত্যভিত্তিক Cover Decision গ্রহণ করতে পারেনি। বিশেষ করে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সুস্পষ্ট রোডম্যাপ, অভিযোজন অর্থায়ন এবং জলবায়ু ন্যায্যতার প্রশ্নে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অবস্থানগত ব্যবধান আবারও স্পষ্ট হয়েছে।

আমার কাছে COP31-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, জলবায়ু কূটনীতি কেবল আলোচনা ও সমঝোতার প্রক্রিয়া নয়, এটি ক্ষমতা, অর্থনীতি, জাতীয় স্বার্থ এবং বৈশ্বিক দায়িত্ববণ্টনের একটি জটিল রাজনৈতিক বাস্তবতা। আলোচনার টেবিলে প্রতিটি দেশের কণ্ঠস্বর সমান হলেও বাস্তবে প্রতিটি দেশের দরকষাকষির সক্ষমতা ও রাজনৈতিক প্রভাব সমান নয়। আর এই অসমতার সবচেয়ে বড় মূল্য দিতে হয় বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে।  বিশেষ করে অভিযোজন অর্থায়নকে ২০৩৫ সালের মধ্যে বছরে ১২০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার প্রস্তাবটি চূড়ান্ত সিদ্ধান্তে প্রতিফলিত না হওয়া এবং জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের বিষয়ে কার্যকর রাজনৈতিক অঙ্গীকারের অভাব আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। 
 
একজন তরুণ জলবায়ুকর্মী হিসেবে আমার উপলব্ধি, এখন আর শুধু আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ, বক্তব্য প্রদান কিংবা নতুন নতুন প্রতিশ্রুতি ঘোষণার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকলে চলবে না। বাংলাদেশের মতো দেশগুলোকে Negotiating Capacity, Evidence-based Diplomacy এবং Strategic Coalition Building আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে যুবসমাজকে  নীতিনির্ধারণ, আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের অর্থবহ অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। বলেন, সাগর কর।

মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি বলেন, এবারের কপ-৩১ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে দারুণ সব অভিজ্ঞতা অর্জন হলেও কপ৩১ শেষে আমরা চরমভাবে হতাশ হয়েছি। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো যখন অস্তিত্ব সংকটে ভুগছে, তখন উন্নত বিশ্ব কেবল প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়িয়েছে; ন্যায্য লস অ্যান্ড ড্যামেজ তহবিল ও বাস্তবসম্মত পদক্ষেপে তারা চরমভাবে ব্যর্থ।

​বিশ্ব নেতাদের এখনই ফাঁকা বুলি ছেড়ে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সরাসরি ও সহজলভ্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে। আর এই সংকটময় মুহূর্তে তরুণদের হতাশ হয়ে বসে থাকলে চলবে না। স্থানীয় পর্যায়ে ব্যাপক বনায়ন, পরিবেশ রক্ষা এবং নীতিনির্ধারণী পর্যায়ে জলবায়ু ন্যায্যতার দাবিতে তরুণদেরই সবচেয়ে জোরালো ভূমিকা রাখতে হবে বলে দাবি করেন আহসান রনি।

ব্রাইটার্স ফাউন্ডেশনের ডিরেক্টর  মো. সোহানূর আমিন বলেন,  বিশ্ব নেতারা  জীবাশ্ম জ্বালানির স্বার্থ এবং জীবনের স্বার্থের মধ্যে শেষ পর্যন্ত জীবাশ্ম পুঁজিকে বেছে নিয়েছেন! এটি চরম হতাশা এবং দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন তারা। নির্ধারিত সময়ের পরও দীর্ঘ ৪৪ ঘণ্টার অতিরিক্ত আলোচনা ও সময় ব্যয় করে কোনো ধরনের জবাবদিহিতা নিশ্চিত না করা এবং শেষ পর্যন্ত কোনো কার্যকর চুক্তি ছাড়াই আন্তালিয়া ছেড়ে আসাটা বিশ্ব নেতৃত্বের চরম উদাসীনতার বহিঃপ্রকাশ।

জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার মতো একটি অতি জরুরি বিষয়ে সুনির্দিষ্ট ও সময়বদ্ধ অঙ্গীকার ব্যতীত এই সম্মেলন শেষ হওয়া কেবল একটি সাধারণ কূটনৈতিক ব্যর্থতাই নয়; বরং এটি জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ঝুঁকিতে থাকা সম্মুখসারির ক্ষতিগ্রস্ত সম্প্রদায় এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মের জীবন, জীবিকা ও অস্তিত্বের প্রতি এক চরম ও লজ্জাজনক বিশ্বাসঘাতকতা। 

তিনি আরো বলেন, যখন পৃথিবীর অস্তিত্ব আজ সংকটের মুখে এবং প্রাকৃতিক দুর্যোগে লাখো মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, তখন বিশ্বনেতাদের এই দীর্ঘসূত্রিতা ও সিদ্ধান্তহীনতা প্রমাণ করে যে, তারা সাধারণ মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকারের চেয়ে জীবাশ্ম জ্বালানি নির্ভর কর্পোরেট গোষ্ঠীর মুনাফা ও স্বার্থকেই বড় করে দেখছেন। ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেওয়া এই দায়িত্বজ্ঞানহীন অবস্থান ভবিষ্যৎ প্রজন্ম কখনোই ক্ষমা করবে না।

রূপান্তর যুব সংস্থার পরিচালক মো. শাহরিয়ার রহমান নাফিজ বলেন, ​তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা থেকে জানি, জলবায়ু পরিবর্তন আমাদের জন্য কোনো বিলাসী আলোচনা নয়। তিস্তা পাড়ের নদীভাঙন কবলিত মানুষের হাহাকার, শুষ্ক মৌসুমে সেচের পানির সংকট এবং জলবায়ু-সৃষ্ট দারিদ্র্য এসবই আমাদের প্রতিদিনের বাস্তবতা। ক্লাস নাইনে ১১ জন বন্ধু মিলে ‘রূপান্তর যুব সংস্থা’ শুরু করার পর থেকে আজ অবধি আমরা উত্তরবঙ্গের তরুণদের নিয়ে এই সংকট মোকাবিলার লড়াই চালিয়ে যাচ্ছি। অথচ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনগুলোর চিত্র বড়ই অদ্ভুত! সেখানে বিশ্বশান্তি, মানবতার কল্যাণ এবং পৃথিবী রক্ষার বড় বড় বুলি আওড়ানো হলেও কয়লা, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের মতো মৌলিক বিষয়ে বিশ্বনেতারা ঐকমত্যে পৌঁছাতে পারেন না।
​যেখানে আমাদের প্রান্তিক কৃষকদের জন্য সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু তহবিলের দ্রুত বাস্তবায়ন জরুরি, সেখানে নীতিনির্ধারকদের এই দীর্ঘসূত্রতা ও সিদ্ধান্তহীনতা অত্যন্ত হতাশাজনক। এভাবে চলতে থাকলে শুধু জলবায়ু আলোচনাই ব্যর্থ হবে না, বরং আন্তর্জাতিক জলবায়ু ব্যবস্থার ওপর থেকেও সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের আস্থা হারিয়ে যাবে।

​পৃথিবীকে বাঁচানোর প্রশ্নেই যদি বিশ্বনেতারা একমত হতে না পারেন, তবে তাদের প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা কোথায়? আমরা তৃণমূলে পরবর্তী প্রজন্মের জলবায়ু যোদ্ধা তৈরি করছি এখন সময় বিশ্বনেতাদের ফাঁকা প্রতিশ্রুতি ছেড়ে বাস্তবায়নে নামার।

ব্রাইটার্সের সিনিয়র লিডারশীপ টিমের কোর্ডিনেটর মো আপেল আলী,  COP31 আমাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বৈশ্বিক উষ্ণতা ১.৫°C-এর মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য অর্জনে যে ধরনের উচ্চাভিলাষী ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন ছিল, সম্মেলনে তার প্রতিফলন আমরা দেখতে পাইনি। বিশেষ করে অভিযোজন অর্থায়ন নিয়ে প্রথম সপ্তাহে কভার ডিসিশনের খসড়ায় উত্থাপিত ১২০ বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাবের বিষয়ে উন্নত দেশগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এর ফলে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন কার্যক্রম এবং জলবায়ু সহনশীলতা অর্জনের প্রচেষ্টা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

জলবায়ু পরিবর্তন বাংলাদেশের মানুষের কাছে কোনো ভবিষ্যতের সংকট নয়, এটি প্রতিদিনের বাস্তবতা। অথচ যারা ঐতিহাসিকভাবে জলবায়ু সংকটের জন্য বেশি দায়ী, তাদের কাছ থেকেই আমরা প্রয়োজনীয় অর্থায়ন ও জবাবদিহি পাচ্ছি না। আমরা আর শুধু প্রতিশ্রুতি দেখতে চাই না; চাই কার্যকর সিদ্ধান্ত, পর্যাপ্ত ও সহজলভ্য জলবায়ু অর্থায়ন এবং ন্যায্য বাস্তবায়ন। জলবায়ু ন্যায়বিচার কোনো দয়া নয়, এটি আমাদের অধিকার। তাই এই COP31 কে ব্যর্থ বলে আখ্যায়িত করা যেতেই পারে! 

So many Dialogue, No Consensus, No action - Shame!

বিভি/এসজি

মন্তব্য করুন: