• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গাজীপুরে কিছু কারখানা বন্ধ, অধিকাংশে চলছে উৎপাদন, যান চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ১৪:৫০, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:৫২, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গাজীপুরে কিছু কারখানা বন্ধ, অধিকাংশে চলছে উৎপাদন, যান চলাচল স্বাভাবিক

ভিডিও থেকে সংগৃহীত

ন্যূনতম বেতন বৃদ্ধির পরও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে কিছু কারখানা ছুটি ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে মজুরি বৃদ্ধির পরও গাজীপুরের ভোগড়া বাইপাস, নাওজোর, কলম্বিয়া, সালনা ও গড়গড়িয়া মাস্টারবাড়িসহ কয়েকটি এলাকায় পোশাকশ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। পরে দ্রুতই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকটি এলাকায় শ্রমিকেরা হঠাৎ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। উদ্ভূত পরিস্থিতিতে বুধবার গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রায় ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

কারখানায় ছুটি ঘোষণার পর অধিকাংশ শ্রমিক শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যান। তবে জেলার অন্যান্য পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, জেলার কয়েকটি এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। কিছু সময় তারা সড়কে অবস্থান নিলেও পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার প্রায় ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৩৫টি কারখানা বন্ধ রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: