• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পুলিশ প্রশাসনে বড় পরিবর্তন: সাত জেলায় নতুন এসপি নিয়োগ, ১৪ কর্মকর্তার রদবদল

প্রকাশিত: ১৭:০৮, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:১৩, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পুলিশ প্রশাসনে বড় পরিবর্তন: সাত জেলায় নতুন এসপি নিয়োগ, ১৪ কর্মকর্তার রদবদল

সুনামগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, খুলনা, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ—দেশের এই সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে এসপি ও সমমর্যাদার আরও সাত কর্মকর্তাসহ মোট ১৪ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। এতে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই উপপুলিশ কমিশনারের মধ্যে মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাট এবং মো. তৌহিদুল আরিফকে নড়াইলের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়া অন্য তিন জেলার মধ্যে গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে বদলি করা হয়েছে ফেনীতে। আর ঢাকার এসআরইউর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধা এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁ জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে কয়েকটি জেলার বিদায়ী পুলিশ সুপারসহ আরও সাত কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে রদবদল করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন এবং লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুককে ঢাকার পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার এবং ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার এবং এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে সিএমপির উপপুলিশ কমিশনার করা হয়েছে।

এ ছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

বিভি/বিএস/পিএইচ

মন্তব্য করুন: