• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রাজধানীতে ভোটের হাওয়া

দক্ষিণের ৩ নম্বর ওয়ার্ডে ৮ সম্ভাব্য প্রার্থীর সামনে ৮ সমস্যা

প্রকাশিত: ১৯:৪৭, ২৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দক্ষিণের ৩ নম্বর ওয়ার্ডে ৮ সম্ভাব্য প্রার্থীর সামনে ৮ সমস্যা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড রাজধানীর খিলগাঁও ও মেরাদিয়া নিয়ে গড়ে ওঠা একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা। ঐতিহ্যবাহী গ্রামীণ পরিবেশ ও আধুনিক নগরায়নের মিশেলে এই ওয়ার্ডটি ঢাকা-৯ সংসদীয় আসনের অন্তর্ভূক্ত। এখানে একদিকে ঘনবসতিপূর্ণ মধ্যবিত্ত আবাসিক এলাকা রয়েছে, অন্যদিকে মেরাদিয়া বাজার ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসা-বাণিজ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রাণবন্ত অর্থনৈতিক বলয়। শতাব্দীরপ্রাচীন মেরাদিয়া হাট এই এলাকার অন্যতম ঐতিহ্য, যা প্রতি বুধবার স্থানীয় ও আশপাশের এলাকার মানুষের প্রধান কেনাকাটার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 

এই ওয়ার্ডে এখনো স্থানীয় লোকদের বসবাস বেশি। বংশপরম্পরায় একে আপরের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। ৩ নম্বর ওয়ার্ডে প্রায় ৫০ হাজার ভোটার রয়েছে। ৮জন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের মধ্যে বিএনপির সংখ্যাই সবচেয়ে বেশি। পাঁচজনই চাচ্ছেন দলীয় সমর্থন। এরবাইরে জামায়াতে ইসলামীর ১, এনসিপির ১ এবং একজন স্বতন্ত্র প্রার্থীর কথা জানা গেছে।


হাজী মো. আজমত আলী কনু কনু হাজী নামেই ব্যাপক পরিচিত। মেরাদিয়া মধ‍্যপাড়া এলাকায় তার বাসা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের হাত ধরে ১৯৮৫ সালে তার রাজনীতির পথচলা শুরু। রাজনীতির প্রথম দলীয় পদ তৎকালীন ২৬ নং ওয়ার্ড বিএনপির ক্রীড়া সম্পাদক। ধারাবাহিকভাবে ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং থানার যুগ্ম-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বয়োজেষ্ঠ্য এই রাজনীতিবিদের দলীয় কোনো পদ নেই। ছিলেন পেশাদার ফুটবল খেলোয়ার। মোহমেডান, ভিক্টোরিয়া, অগ্রণী ব‍্যাংক এবং ওয়ারী ক্লাবে খেলেছেন তিনি। 

আলাপচারিতায় জানা গেলো, ২০১৫ সালে ক্রস ফায়ারে নেয়া হয়েছিলো। মোটা অংকের টাকার বিনিময়ে সে যাত্রায় বেঁচে যান। এরপরে শিকার হন গুমের। সেবারও টাকার বিনিময়েই ফিরে আসেন পরিবারের মাঝে। ২০১৩, ১৪, ১৫, ১৭ এবং ১৮ সালে মোট ৫ বার জেল খেটেছেন। পতিত ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে মামলা দিয়েছে ৫৩ টি।
হাজী মো. আজমত আলী জানান, অনেক আগে থেকেই জনসেবামূলক কাজ করেন তিনি। ১৯৯৩ সালে আঙ্গাজোরা এলাকায় নিজ খরচে মানুষের মধ্যে পানির ব্যবস্থা করেন। ২০০৪ সালে বন্যায় মহল্লাবাসীর পাশে দাঁড়ান। ১০ সালে ডুবে যাওয়া রাস্তা পানি নামিয়ে মানুষের স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করে দেন। অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মামলা জেলে আর্থিক সহযোগিতা করার কথাও বলেন তিনি। এসব কাজ যখন করতেন তখন তিনি কাউন্সিলর নির্বাচন করবেন-এটা ভেবে করেননি বলেও জানান তিনি।

কনু হাজীর রাজনীতি বয়স ৪১ বছর। ৬৭ বছর বয়সে এসে তার মনে হয়েছে কাউন্সিলর নির্বাচন করার এখনই যথাযথ সময়। তাই তিনি বিএনপির সমর্থন চাইবেন।


নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেছেন ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন। তার বড় ভাই মামুনুর রহামন ফজু এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। বড়ভাইয়ের মৃত্যুর পর তিনি কাউন্সিলর নির্বাচন করেছেন। তারই ধারাবাহিকতায় এবারো দলের সমর্থন চাইবেন তিনি। তবে তাকে একাধিকবার ফোন দিলেও ব্যস্ততার কারণে তিনি সময় দিতে পারেননি। 

আরেক সম্ভাব্য প্রার্থী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম । ভুইয়া পাড়া এলাকায় তার বসবাস। ১৯৯০ সালে হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল প্যানেলে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন। এরপর তৎকালীন ৩৯ নং ওয়ার্ড যুবদলের ইউনিট সভাপতি, ১৯৯৪ সালে বৃহত্তর সবুজবাগ থানার সাবেক ২৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি, খিলগাঁও থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক, পরবর্তীতে ঢাকা মহানগর দক্ষিণ হামিদ - মজনু কমিটির তথ‍্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দায়িত্ব পালন শেষে যুবদল থেকে বিদায় নেন তিনি। ২০১২ সালে ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক, বর্তমানে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন রফিকুল ইসলাম। ৩৬ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে  ৩৪ মামলা এবং ২০২১, ২২, ২৪ সালে তিনবার জেল খেটেছেন। 

রফিকুল ইসলাম বলেন, দল যদি তাকে সমর্থন দেন, তাহলেই নির্বাচনে অংশ নেবেন। অন্যথায় দলীয় প্রার্থী যে হবেন তার পক্ষেই কাজ করবেন। তার দাবি- মেরাদিয়ায় একটি হাইস্কুল নেই, খেলাধুলার মাঠ নেই, সরকারি হসপিটাল নেই, কমিউনিটি সেন্টার নেই, একটা প্রাইমারি স্কুল আছে- তাও নতুন বিল্ডিং হচ্ছে। তিনি কাউন্সিলর হলে এসব অবকাঠোমো নির্মাণই তার প্রধান কাজ হবে। এরবাইরে মেরাদিয়ায় যে কবর স্থান রয়েছে, সেটি বড় করার চিন্তা রয়েছে তার। এছাড়া মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে মিলেমিশে কাজ করবেন বলেও জানান ওয়ার্ড বিএনপির এই সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগ প্রসঙ্গে বলেন, তাদের সাথে আঁতাত করার কোনো সুযোগ নেই। তারা আমাকে ধ্বংস করে দিয়েছে। মিথ্যা মামলা দিয়ে আমাদের শেষ করে দিয়েছে।

এছাড়াও নির্বাচন করতে চান সাবেক কাউন্সিলর মরহুম নাজিরুল ইসলামের বড় ভাই হাজী নাছির উদ্দিন। বর্তমানে বিএনপিতে তার কোনো পদ নেই। ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাইনুল ইসলাম মাইনুও প্রার্থী হতে চান। শহীদুল ইসলাম জামায়াতে ইসলামীর একক প্রার্থী, মজিবুর রহমান মজনু এনসিপির একক প্রার্থী। 


স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন মোহাম্মদ আলী মিন্টু। স্থানীয়রা জানান, মিন্টু ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন। এলাকায় বিভিন্ন সামাজিক কাজে নিজেকে জড়িয়েছেন।  

মোহাম্মদ আলী মিন্টু বলেন, আমি কোনো রাজনীতির সাথে সরাসরি জড়িত নই। এলাকার উন্নয়ন, সমাজ বিনির্মাণ ও মানুষের পাশে দাঁড়াতে চাই। আমার প্রথম টার্গেট এলাকার মাদকের বিরুদ্ধে তার নীতি জিরো টলারেন্স। পাঞ্জারী স্কুলের গলি মাদক আস্তানা লোকজন নিয়ে ভেঙে দিয়েছি। একাধিক মাদক কারবারীকে পুলিশের হাতে তুলে দিয়েছি। স্বাস্থসেবার পাশাপাশি দাফন কাফনের কাপড় বিনামূল্যে সরবরাহ করবো এলাকাবাসীর জন্য।

স্বতন্ত্র এই প্রার্থী অভিযোগ করেন, বাসাবাড়ির ময়লা জমে যায় দুই তিনদিন। আমি নির্বাচিত হলে এটি প্রতিদিন নেয়ার ব্যবস্থা করবো। মেরাদিয়া কাঁচাবাজারের মাঠটি দখল করে রাখা হয়েছে। সেখানে বাজার বসানো হচ্ছে। বাচ্চাদের খেলতে দেয়া হচ্ছে না। নির্বাচিত হলে এগুলো নিয়ে কাজ করবো। দেড় বছরের মধ‍্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দেখাবো। 

৩ নং ওয়ার্ডে সমস্যা:
অন্যান্য ওয়ার্ডের মতো এখানেও মাদক একটি বড়ো সমস্যা। যার প্রভাব পড়ছে পাড়া মহল্লা এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের ওপর। 
নাম প্রকাশ না করার শর্তে একাধিক বাসিন্দা মাদকব্যবসায়ীদের নাম জানান। নয়াপাড়া দোতলা মসজিদের কাছে শাহ আলম, নূরানী গলির ইসমাইল, স্বপন। মিনার মসজিদ গলিতে শহীদ, পিয়ারি। গার্মেন্টস গলি, নবীন বাগ বাট্টুগলিতে পলাশ, হাজী গলির কালুর কারণেই মাদকে সয়লাভ হয়ে আছে এই এলাকা। কালর বড় ভাই ঝুনাও মাদকের সাথে জড়িত ছিলেন। ক্রস ফায়ারে নিহত হয়েছেন। এছাড়া মাদক কারবারী পলাশ, আলমগীর, জিন্নাত, শহীদ এদেরকে নিয়ন্ত্রণ করা গেলে এলাকায় মাদকের প্রভাব কমে আসবে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মাদক ছড়িয়ে পড়ছে। হয়ে পড়েছে নিয়ন্ত্রণহীন। 

আলাউদ্দিন নামে একজন বলেন, মাদকের কারণে অতিষ্ঠ। ধরে নিয়ে গেলে ১৫ দিনের মধ‍্যে আবার চলে আসে। এসবের পেছনে কারা জড়িত জানতে চাইলে তিনি বলেন, জীবনের নিরাপত্তা কে দেবে? বললেতো এলাকায় থাকাই দায় হয়ে দাঁড়াবে।
এই ওয়ার্ডে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম রয়েছে। গ‍্যাসের সমস্যাও প্রকট।  পাশাপাশি রয়েছে 
জলাবদ্ধতা ও ড্রেনেজ সংকট। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খিলগাঁও ও মেরাদিয়া নিচু এলাকা হওয়ায় সামান্য বৃষ্টিতেই এখানকার বিভিন্ন অলিগলিতে হাঁটুপানি জমে যায়। দীর্ঘদিন ধরে ড্রেনগুলো যথাযথভাবে পরিষ্কার না করা এবং পানি নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে পড়ায় এই জলাবদ্ধতা স্থায়ী রূপ নিচ্ছে।

মশার উপদ্রব ও স্বাস্থ্যঝুঁকি: অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও জমে থাকা পানির কারণে ওয়ার্ডজুড়ে মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে ডেঙ্গু মৌসুমে এডিস মশার বিস্তার নিয়ে চরম আতঙ্কে থাকেন এলাকাবাসী। নিয়মিত ফগিং ও লার্ভিসাইডিং কার্যক্রম না থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

যানজট ও বর্জ্য অব্যবস্থাপনা: ঘনবসতিপূর্ণ এই আবাসিক এলাকায় অভ্যন্তরীণ রাস্তাগুলো অত্যন্ত সরু। এর ওপর মেরাদিয়া বাজার ও প্রধান সড়ক সংলগ্ন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে রাখায় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে এবং তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

সড়কবাতি ও সেবা নিয়ে ভোগান্তি:ওয়ার্ডের অনেক গলিতে পর্যাপ্ত সড়কবাতি না থাকায় সন্ধ্যার পর অন্ধকার নেমে আসে, যা নিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছে। এ ছাড়া জন্ম নিবন্ধন ও নাগরিক সনদের মতো মৌলিক সেবা পেতেও নানা ভোগান্তির কথা জানিয়েছেন স্থানীয়রা।

তিন সেতু নির্মাণ প্রকল্প: মেরাদিয়া থেকে আফতাবনগর যাতায়াতের জন্য নড়াই নদীর (রামপুরা-মেরাদিয়া খাল) ওপর তিনটি সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়ন নিয়ে মানুষে মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের বাসিন্দাদের বাঁশের সাঁকো বা নৌকায় ঝুঁকি নিয়ে খাল পার হতে হতো। সেতুটির প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং এটি চালু হলে পথচারীদের পাশাপাশি সব ধরনের যানবাহন সরাসরি পারাপার হতে পারবে। ফরাজী হাসপাতাল পথচারী সেতু বর্তমানে জনসাধারণের হাঁটার জন্য উন্মুক্ত রয়েছে। 

আহসান হাবিব নামে একজন সিনিয়র নাগরিকের অভিযোগ, সেতুগুলোর উচ্চতা কম হওয়ায় নিচ দিয়ে ট্রলার, মালামালবাহী নৌযান কিংবা ভবিষ্যতে হাতিরঝিল থেকে বালু নদী পর্যন্ত ওয়াটার বাস চলাচল পুরোপুরি অসম্ভব হয়ে পড়বে। নিচু সেতুর কারণে ভবিষ্যতে ড্রেজার প্রবেশ করতে না পারলে নড়াই নদী তার নাব্য হারিয়ে বদ্ধ ড্রেনে পরিণত হবে। পাশাপাশি বর্ষাকালে পানির স্তর বেড়ে গেলে সেতুতে পানি উঠে যাওয়ার আশঙ্কাও করছেন অনেকে। স্থানীয়দের আলোচনায় অভিযোগ উঠেছে, বিআইডব্লিউটিএ-এর নৌ-চলাচল উচ্চতার মানদণ্ড অনুসরণ না করেই অপরিকল্পিতভাবে এই নকশা করা হয়েছে। এ ছাড়া সেতুর প্রশস্ততা কম হওয়ায় ভবিষ্যতে সেতুর ওপর যানজট লেগে যাওয়ার শঙ্কাও রয়েছে। ভবিষ্যতে এটি গলার কাঁটা হয়ে দাঁড়াবে বলেও মত দেন তিনি।

বাজারের খাজনা ও গৃহস্থালির বর্জ্য বিল আদায় নিয়েও অসন্তোষ আছে। স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে অননুমোদিত খাজনা আদায় এবং সিটি কর্পোরেশন নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি ময়লার বিল নেওয়ার অভিযোগে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দারা। শতাব্দীরপ্রাচীন মেরাদিয়া হাট ও দৈনন্দিন বাজারকে ঘিরে দীর্ঘদিন ধরে একটি চক্র সক্রিয় রয়েছে। বিশেষ করে প্রতি বুধবার বসা সাপ্তাহিক হাট এবং নিয়মিত কাঁচাবাজারের দোকানগুলো মূল সড়ক দখল করে বসানো হয়।

অভিযোগ রয়েছে, সিটি কর্পোরেশনের বৈধ ইজারা বা অনুমোদন না থাকা সত্ত্বেও স্থানীয় একটি সিন্ডিকেট প্রতিটি দোকান থেকে দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে মোটা অঙ্কের খাজনা আদায় করছে। এই বিপুল অঙ্কের অর্থের কোনো রাজস্ব সরকারি কোষাগারে জমা না হয়ে সিন্ডিকেটের পকেটে যাচ্ছে। খাজনা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান উঠিয়ে দেওয়া এবং ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে।

ময়লার বিলে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ: বাজারের খাজনার পাশাপাশি বাসাবাড়ি ও দোকানপাটের ময়লা অপসারণের বিল নিয়েও তৈরি হয়েছে তীব্র বিরোধ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের জন্য মাসে সর্বোচ্চ ১০০ টাকা ফি নির্ধারণ করে দিলেও ৩নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় তা মানা হচ্ছে না। বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় পরিচ্ছন্নতা কর্মী ও বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা চক্রটি প্রতি মাসে ২০০ টাকারও বেশি আদায় করছে। নির্ধারিত অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে বাসাবাড়ি বা দোকান থেকে ময়লা না নেওয়ার হুমকি দেওয়া হয়। এ নিয়ে প্রায়ই আদায়কারীদের সাথে বাসিন্দাদের বাকবিতণ্ডা ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে মেরাদিয়া বাজারের একাধিক ক্ষুদ্র ব্যবসায়ী জানান, রাস্তার ওপর ছোট্ট একটা ডালা নিয়ে বসলেও দিন শেষে সিন্ডিকেটের লোকজনকে মোটা অঙ্কের খাজনা বা চাঁদা দিতে হয়। কোনো রসিদ দেওয়া হয় না, আবার টাকা দিতে অস্বীকৃতি জানালে দোকান উঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ফলে বাধ্য হয়েই বাড়তি দামে পণ্য বিক্রি করতে হচ্ছে। তিনি জানান, প্রায় ১ লাখ ৩০ থেকে দেড় লাখ টাকা ওঠে। এই টাকা থেকে একটি অংশ যদি উন্নয়নের কাজে ব্যবহার করতো তাহলে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসতো। কেউ বলতে পারতো না জুলুম করে। সরকারেরও দুর্নাম হতো না।

এ বিষয়ে এক ভুক্তভোগী বাসিন্দা জানান, এখনো প্রতি মাসে ২০০ টাকা করে বিল দিতে হচ্ছে। আবার প্রতিদিন ময়লা নেওয়াও হয় না। দু–তিন দিন পরপর ময়লা নিতে আসছেন কর্মীরা। ময়লার ডাক এনেছেন ওয়ার্ড বিএনপির সভাপতি। এরপর টাকাপয়সার ভাগবাটোয়ারা নিয়ে সাথে তার দলের নেতাকর্মীদের সাথে বিরোধ চলছে। যার ভোগান্তিতে পড়েছেন সাধারণ নাগরিক। 

৩নং ওয়ার্ডের সচেতন নাগরিকদের দাবি, কেবল অবকাঠামো উন্নয়নই যথেষ্ট নয়; বরং নদীর নাব্যতা রক্ষা করে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা, অবৈধ খাজনা ও অতিরিক্ত বর্জ্য বিল আদায়কারী সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সিটি কর্পোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত কঠোর পদক্ষেপ নিতে হবে।

বিভি/এনএম/এসবি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত