লাহোরে ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করলেন স্পিকার
ছবি: জাতীয় সংসদ সচিবালয়
পাকিস্তানের লাহোরে অবস্থিত জাতীয় স্মৃতিস্তম্ভ মিনার-ই পাকিস্তান পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শুক্রবার জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় পাকিস্তান সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্পিকার। ইসলামাবাদে রাষ্ট্রপতির সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
একই দিন ইসলামাবাদে নিজের সরকারি বাসভবনে বাংলাদেশের স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ। এতে সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও অংশ নেন।
এর আগে বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট হাউস (সংসদ ভবন) পরিদর্শন করে। প্রতিনিধিদলটি সেখানে পৌঁছালে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, পরিষদের সদস্য এবং সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে পার্লামেন্ট হাউস প্রাঙ্গণে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা (হিমচাঁপা) গাছের একটি চারা রোপণ করেন বাংলাদেশের স্পিকার।
উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে গত ২৩ নভেম্বর ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ইসলামাবাদ ছাড়াও প্রতিনিধিদলটির লাহোর ও করাচি সফরের সূচি রয়েছে। সফর শেষে আগামী ২৯ নভেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: