রয়টার্সের এক্সক্লুসিভ প্রতিবেদন
বাংলাদেশের পোশাকের অর্ডার যাচ্ছে অন্য দেশে, সবচেয়ে বেশি লাভবান ভারত
ফাইল ছবি
শ্রমিক অসন্তোষ, বাড়তি ব্যয় ও রাজনৈতিক অনিশ্চয়তায় বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমছে। এর প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাজারেও। চলতি নভেম্বরের প্রথমার্ধে বাংলাদেশের মাসিক পোশাক ক্রয়াদেশের প্রায় এক-দশমাংশ এশিয়ার অন্য উৎপাদন কেন্দ্রগুলোতে সরিয়ে নিয়েছে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলো। এসব ক্রয়াদেশের বড় অংশই পেয়েছে প্রতিবেশী ভারত। বার্তা সংস্থা রয়টার্সের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাক ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে। দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি তৈরি পোশাক খাতের জন্য এই ঘটনা বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এর প্রভাব চলমান অস্থিরতা কাটার পরও দীর্ঘমেয়াদে থাকতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
শিল্প খাতের নেতাদের মতে, মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের স্বল্প ব্যয়ে পোশাক উৎপাদনের সুবিধাকে দুর্বল করে দিয়েছে। ফলে বৈশ্বিক ব্র্যান্ডগুলো বিকল্প উৎপাদন কেন্দ্রের দিকে ঝুঁকছে। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বিক্ষোভে এ খাতে ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে।
বাংলাদেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। এ ছাড়া উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও এই শিল্পের ওপর নির্ভরশীল। ফলে ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার বিষয়টি দেশের অর্থনীতির জন্য উদ্বেগজনক।
এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ভারত। তবে সরবরাহ ব্যবস্থায় ঝুঁকি কমানো এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিশ্চিত করতে ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন বলে জানিয়েছেন শিল্পনেতারা।
গত বুধবার সরকার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দেওয়ার পর পরিস্থিতির চাপ আরও বেড়েছে। গত চার দশকের মধ্যে এটিই সর্বনিম্ন মজুরি বৃদ্ধির হার। ন্যূনতম মজুরি দ্বিগুণের বেশি করার দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলে পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষ হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার মজুরি বৃদ্ধির সিদ্ধান্তকে ‘সন্তোষজনক’ বলে উল্লেখ করেছেন। শনিবার থেকে শ্রমিকেরা কাজে ফিরবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে মাঠপর্যায়ে অস্থিরতা পুরোপুরি কাটেনি। শিল্পনেতাদের আশঙ্কা, নতুন মজুরি কাঠামোর ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয়ের যে সুবিধা ছিল, তা আরও কমে আসবে। অন্যদিকে শ্রমিক সংগঠনগুলোর দাবি, আন্তর্জাতিক পোশাক শিল্পের মানদণ্ডে এই মজুরি এখনো অনেক কম।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কারখানা মালিক রয়টার্সকে জানিয়েছেন, চলমান অস্থিরতার কারণে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে। এর বড় অংশই গেছে ভারতে। আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় তারা পরিচয় প্রকাশ করতে চাননি।
এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছে জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স। এমঅ্যান্ডএস, এইচঅ্যান্ডএম ও সেলিওর কাছেও মন্তব্য জানতে চাওয়া হলেও তারা সাড়া দেয়নি।
রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর ভারতের বস্ত্র খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়তে শুরু করে। দেশটির গোকলদাস এক্সপোর্টসের শেয়ারের দাম একপর্যায়ে ১১ শতাংশ পর্যন্ত বেড়েছে। ট্রাইডেন্টের শেয়ার বেড়েছে প্রায় ৫ শতাংশ। এ ছাড়া ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলের মতো সম্ভাব্য লাভবান প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামও প্রায় ২ শতাংশ করে বেড়েছে।
বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি বৃদ্ধির পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও কাঁচামালের বাড়তি দাম উদ্যোক্তাদের ওপর বড় চাপ তৈরি করেছে। এমন এক সময়ে মজুরি বাড়াতে হয়েছে, যখন ক্রেতারা পণ্যের দাম কমানোর চাপ দিচ্ছেন এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠছে।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ না করে বলেন, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়া একদিকে আর্থিক ক্ষতি কমাতে সাহায্য করছে, অন্যদিকে বৈশ্বিক ক্রেতাদের ধরে রাখতেও সহায়ক হচ্ছে।
তবে কারখানা মালিকদের সবচেয়ে বড় উদ্বেগ, একবার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেলে ক্রেতারা নতুন সরবরাহকারী মূল্যায়ন শুরু করতে পারেন। এতে ভবিষ্যতের ব্যবসাও হারানোর আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে দীর্ঘস্থায়ী জ্বালানি সংকট উৎপাদন ব্যাহত করছে। অনেক কারখানাকে বাধ্য হয়ে ব্যয়বহুল বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে।
মহিউদ্দিন চৌধুরী জানান, সরবরাহকারী বাছাইয়ের ক্ষেত্রে ক্রেতারা এখন পণ্যের দামের চেয়ে দ্রুত ডেলিভারিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। নির্ধারিত সময়ে পণ্য পৌঁছানোর চাপ থাকলে ব্র্যান্ডগুলোর কাছে দাম তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
তার দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের তুলনায় ভারত প্রায় এক সপ্তাহ আগে এবং ভিয়েতনাম ও কম্বোডিয়া প্রায় ১৫ দিন আগে পণ্য সরবরাহ করতে পারে। প্রতিদ্বন্দ্বী দেশগুলো ৬০ থেকে ৯০ দিনের মধ্যে উৎপাদন ও ডেলিভারি সম্পন্ন করতে পারলেও বাংলাদেশে এ জন্য প্রায় ১২০ দিন সময় লাগে।
চলমান অস্থিরতায় ঢাকা ও আশপাশের কারখানাগুলোতে আনুমানিক ২০ থেকে ২৫ কর্মদিবসের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে তৈরি হয়েছে বড় ধরনের উৎপাদন ও সরবরাহ জট বা ব্যাকলগ। নির্ধারিত সময়ে পণ্য পাঠাতে অনেক কারখানা এখন অতিরিক্ত সময় কাজ করানো এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর কথা ভাবছে।
ইউরোপীয় ব্র্যান্ডগুলোতে পোশাক সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম জানান, অস্থিরতার কারণে নতুন ক্রয়াদেশ আসা বন্ধ হয়ে গেছে। গত ১ নভেম্বর থেকে তার অধিকাংশ ক্রেতা নতুন অর্ডার দেওয়া বন্ধ রেখেছেন। ক্রেতারা জানিয়েছেন, আগের অর্ডারগুলো সরিয়ে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে অথবা বাতিল করে বিকল্প ব্যবস্থা করা হয়েছে।
এর পাশাপাশি ভারত থেকে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনাও নতুন করে অস্থিরতার আশঙ্কা বাড়িয়েছে। শিল্পনেতাদের মতে, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ধরে রাখতে হলে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি।
মহিউদ্দিন চৌধুরী সতর্ক করে বলেন, অস্থিরতার সুযোগে যেসব ক্রয়াদেশ অন্য দেশে চলে যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলেও সেগুলো আর ফিরে নাও আসতে পারে। সাময়িকভাবে অন্য দেশে সরিয়ে নেওয়া ক্রয়াদেশ যেন দীর্ঘমেয়াদি সিদ্ধান্তে পরিণত না হয়, সে জন্য দ্রুত ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে হবে। কারণ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর হাতে এখন বিকল্প রয়েছে। অস্থিরতা অব্যাহত থাকলে তারা বাংলাদেশের জন্য অপেক্ষা করবে না।
বিভি/টিটি













মন্তব্য করুন: