• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাত রোধে কুমিল্লায় ৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি

সুজন মজুমদার, কুমিল্লা 

প্রকাশিত: ১৭:৪১, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বজ্রপাত রোধে কুমিল্লায় ৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি

বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কুমিল্লায় ৫ হাজার তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে লালমাই উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বজ্রপাত বিষয়ে সচেতনতামূলক আলোচনা শেষে কুমিল্লার লালমাই উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় তালবীজ। প্রায় ৩০০ শিক্ষার্থীকে দেওয়া হয় এসব বীজ। নিজ নিজ এলাকায় বীজগুলো রোপণ করবে শিক্ষার্থীরা।

পরে পশ্চিম নোয়াগাঁও, দৌলতপুর ও পূর্ব নোয়াগাঁও আঞ্চলিক সড়কের দুই পাশে তালবীজ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে অংশ নেন সংগঠনের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, কর্মসূচির প্রথম দিনেই ১ হাজার তালবীজ বিতরণ ও রোপণ করা হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসজুড়ে কুমিল্লার বিভিন্ন উপজেলার আঞ্চলিক সড়কের পাশে পর্যায়ক্রমে আরও ৪ হাজার তালবীজ রোপণ করা হবে।

২০১১ সাল থেকে বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ করে আসছে সংগঠনটি। তাদের দাবি, গত ১৫ বছরে সারাদেশে অন্তত ৭০ হাজার তালবীজ রোপণ করা হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন কর্মসূচিতে সম্পৃক্ত করা গেলে অল্প সময়েই সারাদেশে ব্যাপকভাবে তালবীজ রোপণ করা সম্ভব। এতে পরিবেশ সুরক্ষার পাশাপাশি দীর্ঘমেয়াদে বজ্রপাতের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত তালগাছের চারা ও বীজ রোপণের পাশাপাশি বজ্রপাত বিষয়ে জনসচেতনতা বাড়ানো গেলে প্রাণহানি কমাতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: