• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চারা থেকে সবুজ ভবিষ্যৎ: ৪৬ বছর ধরে বনায়নের পথচলা

প্রকাশিত: ১৬:৩১, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চারা থেকে সবুজ ভবিষ্যৎ: ৪৬ বছর ধরে বনায়নের পথচলা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘূর্ণিঝড়, বন্যা, তাপপ্রবাহসহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এমন বাস্তবতায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা বাড়াতে বৃক্ষরোপণ ও সবুজায়নের গুরুত্বও বাড়ছে। এই লক্ষ্যেই গত ৪৬ বছর ধরে সারা দেশে বৃক্ষরোপণ ও চারা বিতরণের মাধ্যমে কাজ করে যাচ্ছে বেসরকারি খাত-সমর্থিত দেশের অন্যতম বৃহৎ কর্মসূচি ‘বনায়ন’।

১৯৮০ সালে যাত্রা শুরু করা কর্মসূচিটি গত সাড়ে চার দশকে সারা দেশে ১৩ কোটিরও বেশি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করেছে। এরই ধারাবাহিকতায় চলতি বছর দেশব্যাপী আরও ৫০ লাখ চারা বিতরণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশের সবুজ আচ্ছাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশের সহনশীলতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে ১৯টি নার্সারির মাধ্যমে পরিচালিত হচ্ছে বনায়নের কার্যক্রম। এসব নার্সারিতে স্থানীয় মাটি ও পরিবেশের উপযোগী বিভিন্ন প্রজাতির চারা উৎপাদন করা হয়। কর্মসূচিটির অন্যতম বৈশিষ্ট্য হলো ৭০:৩০ প্রজাতি বিন্যাস কৌশল। এতে দ্রুতবর্ধনশীল বনজ প্রজাতির পাশাপাশি দেশীয় ও ঔষধি গাছকেও গুরুত্ব দেওয়া হয়।

দীর্ঘ এই পথচলায় বনায়ন দেশের বিভিন্ন এলাকার কৃষক, স্থানীয় জনগোষ্ঠী, সরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক ও সামাজিক সংগঠনের সঙ্গে কাজ করেছে। পাশাপাশি ১১৯টি ঔষধি উদ্ভিদবাগান প্রতিষ্ঠা করেছে কর্মসূচিটি। এসব বাগানের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ঐতিহ্যবাহী বিভিন্ন ঔষধি উদ্ভিদ সম্পর্কে পরিচিতি ও সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাস্তার পাশ, সামাজিক ও জনসমাগমস্থল এবং পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় পরিকল্পিতভাবে চারা বিতরণ ও বৃক্ষরোপণ করছে বনায়ন। একই সঙ্গে জনগণের অংশগ্রহণ বাড়িয়ে পরিবেশ সংরক্ষণ ও দায়িত্বশীলতার চর্চা গড়ে তোলার ওপরও গুরুত্ব দিচ্ছে কর্মসূচিটি।

পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক সম্মাননা পেয়েছে বনায়ন। এর মধ্যে পাঁচবার বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার অর্জন অন্যতম উল্লেখযোগ্য স্বীকৃতি।

বনায়নের মুখপাত্র আহমেদ রায়হান আহসানউল্লাহ বলেন, “বনায়নের ৪৬ বছরের পথচলা আমাদের জন্য যেমন একটি গুরুত্বপূর্ণ অর্জন, তেমনি এটি একটি চলমান দায়িত্বও। জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই তীব্র হওয়ায় মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করে এমন উদ্যোগের গুরুত্ব এখন আরও বেশি।

তিনি বলেন, “গত ৪৬ বছর ধরে বনায়ন সারা দেশে বিনামূল্যে চারা বিতরণ করে আসছে। চলতি বছর আমরা দেশব্যাপী ৫০ লাখ চারা বিতরণের পরিকল্পনা করেছি। এটি দেশের বৃক্ষ ও ভূমির অনুপাত বাড়ানোর পাশাপাশি আরও সবুজ ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ার প্রচেষ্টাকে এগিয়ে নেবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট সব অংশীজনকে সঙ্গে নিয়ে পরিবেশ পুনরুদ্ধারের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

বিভি/এজেড

মন্তব্য করুন: