জলবায়ু পরিবর্তনে সবচেয়ে কম দায়ী মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত: পবা
জলবায়ু পরিবর্তনের জন্য যারা সবচেয়ে কম দায়ী, তারাই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর প্রতি সহায়তার পাশাপাশি দায়ী দেশগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক জলবায়ু তহবিলের ন্যায্য হিস্যা ক্ষতিগ্রস্ত দেশ ও মানুষের কাছে পৌঁছাতে হবে। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি, বৈষম্য এবং তরুণ প্রজন্মের মধ্যে ক্রমবর্ধমান মানসিক উৎকণ্ঠা মোকাবিলায় রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ৮০৩ নম্বর কক্ষে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত ‘জলবায়ু পরিবর্তনজনিত ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতি, অন্যায্যতা এবং উৎকণ্ঠা’ শীর্ষক জন-সংলাপে বক্তারা এসব কথা বলেন।
জন-সংলাপে সূচনা বক্তব্য রাখেন, পবার চেয়ারম্যান আবু নাসের খান। তিনি জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় সম্মিলিত সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। ধারণাপত্র উপস্থাপন করেন পবার কার্যকরী সভাপতি ডা. লেলিন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পবার সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।
ধারণাপত্রে বলা হয়, জলবায়ু পরিবর্তন এখন আর দূরবর্তী কোনো আশঙ্কা নয়; এটি বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের বাস্তবতা। বন্যা, ঘূর্ণিঝড়, খরা, লবণাক্ততা, নদীভাঙন ও তাপপ্রবাহ মানুষের জীবন ও জীবিকাকে ক্রমাগত বিপর্যস্ত করছে। জলবায়ু পরিবর্তনের ফলে দেশের আবহাওয়ার স্বাভাবিক বৈশিষ্ট্যেও পরিবর্তন ঘটছে। এর প্রভাব পড়ছে কৃষি, মৎস্য, গবাদিপশু, শ্রমজীবী মানুষের কর্মসংস্থান, নারীর নিরাপত্তা, জনস্বাস্থ্য এবং শিক্ষার ওপর।
ধারণাপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালে বাংলাদেশে প্রায় ২৪ লাখ মানুষ দুর্যোগের কারণে বাস্তুচ্যুত হয়েছে। ২০২৩ সালে এ সংখ্যা ছিল প্রায় ১৮ লাখ। বিশ্বব্যাংকের গ্রাউন্ডসওয়েল প্রতিবেদনের হালনাগাদ হিসাব অনুযায়ী, ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে প্রায় ১ কোটি ৯৯ লাখ মানুষ অভ্যন্তরীণ জলবায়ু অভিবাসীতে পরিণত হতে পারেন। বাস্তুচ্যুত মানুষের বড় একটি অংশ জীবিকার সন্ধানে শহরমুখী হচ্ছে। এর ফলে নগরায়ণের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে এবং নতুন সামাজিক ও অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে।
ধারণাপত্রে আরও বলা হয়, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির বড় একটি অংশ দৃশ্যমান হলেও এর অধিকাংশই যথাযথ হিসাব ও পরিসংখ্যানে উঠে আসে না। বিশেষ করে নারীদের ওপর বাড়তি গৃহস্থালি ও পানি সংগ্রহের চাপ, অনিরাপদ বাসস্থান, যৌন নিপীড়নের ঝুঁকি, প্রজনন স্বাস্থ্য সমস্যা এবং শিশু-কিশোরদের শিক্ষাজীবনের অনিশ্চয়তা জলবায়ু সংকটের গুরুত্বপূর্ণ কিন্তু অনেকাংশে উপেক্ষিত দিক।
জলবায়ু পরিবর্তনজনিত অন্যায্যতার বিষয়টি তুলে ধরে ধারণাপত্রে বলা হয়, শিল্পবিপ্লবের পর থেকে কার্বন নিঃসরণের অধিকাংশের জন্য দায়ী শিল্পোন্নত ও ধনী দেশগুলো। অথচ বাংলাদেশসহ এশিয়া, আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর মতো কম দায়ী দেশগুলোই সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। দেশের অভ্যন্তরেও এই বৈষম্য বিদ্যমান। শহরের সুবিধাভোগী ও উচ্চ আয়ের মানুষের তুলনায় নিম্ন আয়ের মানুষ, শ্রমজীবী জনগোষ্ঠী, নারী, কিশোরী এবং তরুণ প্রজন্ম জলবায়ু পরিবর্তনের অভিঘাত বেশি বহন করছে।
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে ধারণাপত্রে বলা হয়, জলবায়ু পরিবর্তনজনিত অনিশ্চয়তা থেকে তরুণদের মধ্যে ‘ক্লাইমেট অ্যাংজাইটি’ বা জলবায়ু উৎকণ্ঠা এবং ‘ক্লাইমেট গ্রিফ’ বা জলবায়ুজনিত শোক ও অসহায়ত্ব তৈরি হচ্ছে। খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তা, ভবিষ্যৎ জীবন এবং জীবিকার অনিশ্চয়তা তাদের মধ্যে হতাশা ও উদ্বেগ বাড়াচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে মানসিক সহায়তা এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা জরুরি।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস বলেন, জলবায়ু ন্যায়বিচার, সমতা ও বৈষম্যহীনতার কথা আমাদের দেশে সুধীজনদের আলোচনায় সীমাবদ্ধ থাকলেও বাস্তবে এর যথাযথ প্রয়োগ নেই। জলবায়ু পরিবর্তন ও নদীভাঙনে বাস্তুচ্যুত মানুষ বসবাসের অনুপযুক্ত জায়গায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। প্রতিবছর বন্যা, ঘূর্ণিঝড় ও উচ্ছেদের শিকার হয়ে তারা নানা রোগব্যাধিতে ভুগছে। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন বা কপ (COP) কেন্দ্রিক তৎপরতার সমালোচনা করে তিনি বলেন, সম্মেলন শেষ হলেই বিশ্ব উষ্ণায়ন মোকাবিলায় কার্যক্রম শিথিল হয়ে পড়ে। অথচ সারা বছর সোচ্চার থেকে টেকসই ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। নেপালের পাহাড়ি ফাটল কিংবা পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি ভয়াবহ বিপদের ইঙ্গিত দিচ্ছে। রোহিঙ্গাদের অবস্থান এবং সবুজ আচ্ছাদন কমে যাওয়ায় সংকট আরও ঘনীভূত হচ্ছে। তাই সচেতন নাগরিকদের শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে সক্রিয় কর্মীর ভূমিকা পালন করতে হবে।
পরিবেশ বার্তার সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জ্বল বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং এর ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু সংকটের শিকার একটি প্রান্তিক দেশ হিসেবে বাংলাদেশের প্রকৃত তথ্য-উপাত্ত ও সংকটের চিত্র জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জোরালোভাবে তুলে ধরা গণমাধ্যম ও পরিবেশবাদীদের জরুরি দায়িত্ব। তিনি আরও বলেন, জলবায়ু সংকট মোকাবিলার দীর্ঘমেয়াদি লড়াইয়ে তরুণ সমাজকে সম্পৃক্ত করতে হবে এবং পরিবেশ রক্ষায় তরুণ স্বেচ্ছাসেবকদের সুসংগঠিত করে মাঠপর্যায়ে কাজে লাগাতে হবে।
আলোচনায় বাংলাদেশ নিরাপদ পানি আন্দোলন (বানিপা)-এর সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, নিরাপদ পানি কোনো দয়া বা অনুগ্রহ নয়; এটি মানুষের মৌলিক অধিকার। জলবায়ু পরিবর্তনের দায় যারা বেশি বহন করছে না, ক্ষতির বোঝা তাদের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই ন্যায়সংগত নয়। জলবায়ু ন্যায়বিচার এবং সবার সুপেয় পানির অধিকার প্রতিষ্ঠায় দেশের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. সারওয়ার ইবনে সালাম বলেন, জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনছে। তাপমাত্রা ও পরিবেশের অস্বাভাবিক পরিবর্তনের ফলে ডেঙ্গু, ডায়রিয়া, ম্যালেরিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণ, হৃদরোগসহ বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে। এতে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে। এই সংকট মোকাবিলায় তিনি চারটি করণীয় তুলে ধরেন। এগুলো হলো—টেকসই ও জলবায়ু-সহনশীল স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করা, সাধারণ মানুষের সাধ্যের মধ্যে চিকিৎসা ও ওষুধের মূল্য নির্ধারণ, প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা জোরদার করা এবং দেশব্যাপী রোগ নজরদারি কার্যক্রম শক্তিশালী করা।
জন-সংলাপে আরও বক্তব্য রাখেন পবার সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, ডেল্টা ইকো ফাউন্ডেশনের শওকত হোসাইন খান, ত্রিবেনীর মো. নিজাম উদ্দিন, বারসিকের পরিচালক কামরুজ্জামান সাগর, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাদিয়া আরমান, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের আহ্বায়ক সাংবাদিক নিখিল ভদ্র এবং আন্তর্জাতিক নজরুল গবেষণা কেন্দ্রের মহাসচিব রাশেদুল হাসান শেলী।
এ সময় উপস্থিত ছিলেন পবার সম্পাদক নাসির খান সৈকত, গ্রিনফোর্সের সদস্য শাহনাজ আক্তার, হাসিব মোশারফ রিশাত, শাহান আলী পাঠান এবং গণমাধ্যমকর্মী সাকিলা পারভীনসহ পরিবেশ ও নাগরিক অধিকারকর্মীরা।
জন-সংলাপে উপস্থাপিত ধারণাপত্রে বৈশ্বিক ও দেশীয় পর্যায়ে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। বৈশ্বিক পর্যায়ে আন্তর্জাতিকভাবে প্রতিশ্রুত লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের অর্থ প্রথমে ক্ষতিগ্রস্ত দেশ এবং পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে পৌঁছানোর কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এ জন্য বাংলাদেশের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, যথাযথ তথ্য-উপাত্ত সংগ্রহ এবং কাঠামোভিত্তিক পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
দেশীয় পর্যায়ে অভিযোজনকে অগ্রাধিকার দিয়ে বন্যা-সহনশীল ঘরবাড়ি, লবণাক্ততা-সহনশীল ফসল এবং জলবায়ু সুরক্ষা তহবিল গড়ে তোলার সুপারিশ করা হয়। জলবায়ু পরিবর্তনকে জাতীয় উন্নয়ন পরিকল্পনার অন্যতম নির্ধারক হিসেবে গ্রহণ, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির দুষ্টচক্র ভাঙতে রাষ্ট্রীয় উদ্যোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলিং ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ গঠন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার পরিকল্পনা, বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার পুনর্বিন্যাস এবং মানব উন্নয়নকেন্দ্রিক জাতীয় উন্নয়ন ভাবনা গ্রহণের সুপারিশ করা হয়।
জন-সংলাপে বক্তারা জলবায়ু সংকট মোকাবিলায় পরিবেশবাদী সংগঠন, নাগরিক সমাজ, গণমাধ্যম, তরুণ প্রজন্ম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত ও ধারাবাহিক উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানান।
জন-সংলাপের মূল দাবি হিসেবে ধারণাপত্রে বলা হয়, “জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমরা সাহায্য চাই না, জবাবদিহিতা চাই, আমরা আমাদের যৌক্তিক হিস্যা চাই।”
বিভি/এসজি













মন্তব্য করুন: