• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

‘রকি হরর’খ্যাত অভিনেতা টিম কারি আর নেই

প্রকাশিত: ২২:৪৩, ২৬ আগস্ট ২০২৬

আপডেট: ২২:৪৩, ২৬ আগস্ট ২০২৬

ফন্ট সাইজ
‘রকি হরর’খ্যাত অভিনেতা টিম কারি আর নেই

মঞ্চ ও পর্দায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত ইংরেজ অভিনেতা টিম কারি আর নেই। দ্য রকি হরর পিকচার শো-তে অদ্ভুতুড়ে ও স্মরণীয় চরিত্র ফ্র্যাঙ্ক-এন-ফার্টার এবং ইট-এর ভয়ংকর ক্লাউন পেনিওয়াইজ চরিত্রে অভিনয় করে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেওয়া এই অভিনেতা ৮০ বছর বয়সে মারা গেছেন। বিবিসির মার্কিন সংবাদ সহযোগী সিবিএসকে কারির ম্যানেজার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৯৪৬ সালে ইংল্যান্ডের চেশায়ারে জন্মগ্রহণ করেন টিম কারি। বিশ্ববিদ্যালয় শেষ করার পর ১৯৬৮ সালে লন্ডনে মঞ্চস্থ জনপ্রিয় রক মিউজিক্যাল হেয়ার-এর মূল প্রযোজনায় অভিনয়ের মাধ্যমে তার পেশাদার অভিনয়জীবন শুরু হয়।

১৯৭৩ সালে হেয়ার-এর সহ-অভিনেতা রিচার্ড ও’ব্রায়েন কারিকে তাঁর নতুন মিউজিক্যালের জন্য অডিশনে ডাকেন। সেখানেই কারি পান তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত চরিত্র—ড. ফ্র্যাঙ্ক-এন-ফার্টার। লন্ডনের রয়্যাল কোর্ট থিয়েটারের মঞ্চে ১৯৭৩ সালে প্রথমবার চরিত্রটিতে অভিনয় করেন তিনি।

পরবর্তীতে মিউজিক্যালটির জনপ্রিয়তা বাড়তে থাকে এবং ১৯৭৫ সালে এটি চলচ্চিত্রে রূপ নেয়। দ্য রকি হরর পিকচার শো শুরুতে প্রেক্ষাগৃহে বড় সাফল্য না পেলেও ধীরে ধীরে দর্শকদের কাছে কাল্ট ক্লাসিকে পরিণত হয়। সিনেমাটিতে কারির সঙ্গে অভিনয় করেন সুসান সারান্ডন, ব্যারি বোস্টউইক ও রিচার্ড ও’ব্রায়েন। চলচ্চিত্রটির প্রদর্শন আজও বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে এবং এটি চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রদর্শিত সিনেমার রেকর্ড ধরে রেখেছে।

টিম কারির আরেকটি স্মরণীয় চরিত্র ছিল স্টিফেন কিংয়ের ইট-এর ১৯৯০ সালের টেলিভিশন সংস্করণের ভয়ংকর ক্লাউন পেনিওয়াইজ। ১৯৯৬ সালে মাপেট ট্রেজার আইল্যান্ড চলচ্চিত্রে তিনি লং জন সিলভার চরিত্রেও অভিনয় করেন।

এ ছাড়া দ্য হান্ট ফর রেড অক্টোবর ও হোম অ্যালোন ২-সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন কারি। ব্রডওয়েতে অভিনয়ের জন্য তিনি তিনবার টনি অ্যাওয়ার্ডের মনোনয়নও পেয়েছিলেন।

দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে নিজের স্বতন্ত্র অভিনয়শৈলীর ছাপ রেখে গেছেন টিম কারি। বিশেষ করে দ্য রকি হরর পিকচার শো-এর ফ্র্যাঙ্ক-এন-ফার্টার চরিত্র তাকে জনপ্রিয় সংস্কৃতির অন্যতম স্মরণীয় অভিনেতায় পরিণত করেছে।

সূত্র: বিবিসি

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত