রাজবাড়ী বারের প্রথম নারী আইনজীবী দেবাহুতি চক্রবর্তী আর নেই
রাজবাড়ী বারের প্রথম নারী আইনজীবী, বিশিষ্ট নারী নেত্রী, শিশু সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট দেবাহুতি চক্রবর্তী আর নেই। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থাকার পর গত ৩০ অক্টোবর দুপুর আড়াইটার দিকে রাজধানীর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তার মৃত্যুতে রাজবাড়ীর সামাজিক, সাংস্কৃতিক ও নারী অধিকার আন্দোলনের অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুর আগে নিজের মরদেহ ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে দান করে গেছেন তিনি।
দেবাহুতি চক্রবর্তী বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও বিভাগীয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সংগঠনটির রাজবাড়ী জেলা শাখার কার্যকরী সদস্য ছিলেন। রাজবাড়ীতে মহিলা পরিষদের কার্যক্রম শুরুর পর টানা ১৫ বছর তিনি জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। নারী অধিকার প্রতিষ্ঠা, অসহায় ও নির্যাতিত নারীদের আইনি সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
শিশুদের সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশেও অবদান রেখেছেন দেবাহুতি চক্রবর্তী। রাজবাড়ী শহরের শিশুদের নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন ‘আবোল তাবোল’ নামের শিশু সংগঠন। এ ছাড়া তিনি ‘রাজবাড়ী ক্যানসার সোসাইটি’র প্রতিষ্ঠাতা ছিলেন।
২০১৩ সালে ক্যানসারে আক্রান্ত হন দেবাহুতি চক্রবর্তী। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও ভারতে তার চিকিৎসা চলছিল। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৯ অক্টোবর দুপুর ১টার দিকে তাকে ঢাকার ডেল্টা হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৩০ অক্টোবর দুপুরে তার মৃত্যু হয়।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ধর্মীয় রীতিনীতি পালনের পর তার মরদেহ ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে ময়দানে তার মরদেহে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতারা।
দেবাহুতি চক্রবর্তী রাজবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নারায়ণ বাবুর পুকুরচালা এলাকার কুমারেশ চক্রবর্তীর মেয়ে। তার স্বামী ছিলেন প্রয়াত সুব্রত সরকার।
বহুমুখী প্রতিভা, মানবিক উদ্যোগ, নারী অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার মধ্য দিয়ে রাজবাড়ীর মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন তিনি। তার মৃত্যুতে জেলার সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: