অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
ছবি: আইএসপিআর
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (১৭ অক্টোবর) তিনি দেশে ফেরেন। সফরের প্রথম পর্যায়ে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেন। এ সময় তিনি মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা এবং একাডেমিক বিনিময় কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন সেনাবাহিনী প্রধান।
পরবর্তী সময়ে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (এইউএসএ) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ অংশগ্রহণ করেন।
সফরকালে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ ছাড়া তিনি দেশ দুটির বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন।
এ সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক স্থলবাহিনী কমান্ডের (ইউএসএআরপিএসি) বিদ্যমান পেশাগত সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারিত হবে বলে মনে করা হচ্ছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: