মোহাম্মদপুরে মাদক-সন্ত্রাস-কিশোর গ্যাংবিরোধী মানববন্ধন ববি হাজ্জাজের
মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যু মুক্ত মোহাম্মদপুর গড়ার দাবিতে রাজধানীর বসিলায় মানববন্ধন করেছেন মোহাম্মদপুর ও আদাবর নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ববি হাজ্জাজ।
রবিবার (১৮ জানুয়ারি) বসিলা মোড় এলাকায় দিন বদলের এখনই সময়, প্রতিধ্বনিসহ স্থানীয় কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে “দিন বদলের এখনই সময়” এর ব্র্যান্ড এম্বাসেডর এবং ঢাকা-১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ বলেন, ‘মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলাই এখন সময়ের দাবি। জনগণকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মানববন্ধনে বক্তারা বলেন, মোহাম্মদপুর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যকলাপ ও ভূমিদস্যুদের দৌরাত্ম্যে জর্জরিত। এর ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সামাজিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগ এবং নাগরিক সচেতনতার মাধ্যমেই এই সমস্যাগুলোর স্থায়ী সমাধান সম্ভব। মানববন্ধন থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
বিভি/টিটি



মন্তব্য করুন: