৫৪ বছর ধরে শাসনের নামে দেশের মানুষকে শোষণ করা হয়েছে: মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, স্বাধীনতার পর থেকে এ দেশের মানুষের সঙ্গে বিশ্বাসের নামে ধারাবাহিক বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তার অভিযোগ, গত ৫৪ বছর ধরে শাসনের নামে এ দেশের মানুষকে শোষণ করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঈদগাহ মাদ্রাসা ও মারকাজ মসজিদ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, স্বাধীনতার পর মানুষ স্বপ্ন দেখেছিল—বাংলার মানুষই বাংলার মানুষকে শাসন করবে এবং একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তুলবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার ৫৪ বছর পার হলেও সেই ন্যায় ও ইনসাফের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি।
তিনি আরও বলেন, দীর্ঘ ৫৪ বছর ধরে বিশ্বাসের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। দেশের খেটে খাওয়া মানুষ তিল তিল করে যে সম্পদ গড়ে তুলেছে, তা ফ্যাসিবাদী সরকার বিদেশে পাচার করে দেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, যখন সন্ত্রাস, মাদক, চুরি, ডাকাতি ও দুর্নীতির মাধ্যমে একটি শক্তিশালী অপশাসনের কাঠামো গড়ে তোলা হয় এবং জনগণের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন বিদ্রোহ ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। তিনি বলেন, সেই পরিস্থিতিতেই জুলাই মাসে দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামেন। দেশকে আধিপত্যবাদী ও বিদেশি দালাল গোষ্ঠীর হাত থেকে মুক্ত করতে তারা রক্ত ও জীবন উৎসর্গ করেছে।
মামুনুল হক বলেন, ওই আন্দোলনে দেড় হাজারের বেশি ছাত্র শহীদ হয়েছেন এবং প্রায় ৩০ হাজার শিক্ষার্থী আহত হয়েছেন। অনেকেই দৃষ্টিশক্তি হারিয়েছেন বা পঙ্গুত্ববরণ করেছেন। বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছেন। তবে তাদের সবার একটাই স্বপ্ন—এই দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক।
তিনি বলেন, সেই শহীদ ও আহতদের স্বপ্ন বাস্তবায়নে ন্যায় ও ইনসাফের রাষ্ট্র কায়েম করাই তাদের লক্ষ্য। এ জন্য আসন্ন নির্বাচনে ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দিয়ে দেশকে কলঙ্কমুক্ত করার আহ্বান জানান তিনি।
জনসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসেনের সভাপতিত্বে ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার পক্ষে রিকশা মার্কায় ভোট প্রার্থনা করেন আল্লামা মামুনুল হক।
বিভি/এজেড



মন্তব্য করুন: