যারা ফ্যাসিবাদী খাসলতের তাদের লাল কার্ড দেখাতে হবে: জামায়াতে আমীর
ফাইল ছবি
সবচেয়ে বেশি নির্যাতিত হয়েও জামায়াতে ইসলামী ধৈর্য ধরেছে উল্লেখ করে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ইসলামী যখন জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিলো, বন্যা কবলিত মানুষের পাশে ছুটে গিয়েছিলো, সে সময় একটি দল চাঁদাবাজিতে ঝাঁপিয়ে পড়লো। চট্টগ্রাম নগরীর বন্দর স্কুল ও কলেজ মাঠে সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ১১ দলের নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, চারিদিকে চাঁদাবাজি, দখলদারিত্ব করতে গিয়ে নিজেরা নিজেদের দলের ২৩৪ জনকে হত্যা করে ফেলেছে। তারা আর দেশকে কী দিবে এই প্রশ্নও রাখেন তিনি। জামায়াত আমীর বলেন, যদি বাংলাদেশ স্বাধীন স্বার্বভৌম দেশ হিসেবে মর্যাদার সাথে মাথা উঁচু করে দাঁড়াক এটা চাওয়া হয় তবে যারা ফ্যাসিবাদী খাসলতের তাদের চিরতরে লাল কার্ড দেখাতে হবে।
তরুণ সমাজ কার্ডের ধার ধারেনা উল্লেখ করে জামায়াত আমীর বলেন, একটি দলের মাঘ মাসেই মাথা খারাপ হয়ে গেছে কারণ তরুণ সমাজ এরইমধ্যে পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তাদের রায় দিয়ে দিয়েছে। হারার ভয়ে বাকী বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন করতে দেয়নি বলেও মন্তব্য করেন তিনি। মিথ্যা অপবাদ দিয়ে জামায়াতে ইসলামীকে ঠেকানো যাবেনা বলেও মন্তব্য করেন জামায়াত আমীর।
বিভি/এসজি



মন্তব্য করুন: