জামায়াত নেতার নির্দেশে ভোটের সিল তৈরি করতে গিয়ে ধরা, দল থেকে বহিষ্কার
লক্ষ্মীপুরে অবৈধভাবে বানানো ভোটের ছয়টি সিলসহ আটক ব্যবসায়ী ও জামায়াতের এক নেতার নামে মামলা দায়ের করেছে পুলিশ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, গ্রেফতার জামায়াত নেতার নির্দেশেই সিলগুলো বানানো হচ্ছিলো।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর থানা পুলিশ এসআই হুমায়ুন কবির বাদি হয়েছে এই মামলাদায়ের করেন। পরে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
গ্রেফতাররা হলেন- সিলসহ আটক সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের টুমচর গ্রামের সোহেল। তিনি জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম প্রিন্টার্সের মালিক। অপরজনের নাম সৌরভ হোসেন শরীফ। তিনি লক্ষ্মীপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও দক্ষিণ বাঞ্চানগর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবার গোপন খবরে সোহেলের দোকান থেকে ১৬ ঘর বিশিষ্ট ছয়টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল জব্দ করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। এসময় সোহেলের দেওয়া তথ্য, কথোপকথন ও ভয়েস ম্যাসেজের প্রমাণের ভিত্তিতে জামায়াত নেতা শরীফকেও মামলা আসামি করা হয়। তার নির্দেশেই সিলগুলো তৈরি করেন সোহেল।
এদিকে সিল জব্দের ঘটনায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিএনপি ও জামায়াত পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন করেছে।
সাংবাদিক সম্মেলনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সিলকাণ্ডের সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতাসহ আটক সোহেলকেও জামায়াতের কর্মী বলে দাবি করেন।
পরে পাল্টা সাংবাদিক সম্মেলনে একই আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম বলেন, সিলসহ আটক সোহেল জামায়াতের কেউ নয়। তবে তিনি সৌরভের ব্যাপারে কোনো মন্তব্য করেন নাই।
জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া বলেন, ঘটনার পরপরই আমরা সৌরভ হোসেন শরীফ দল থেকে বহিষ্কার করেছি। প্রেস রিলিজ দেওয়া হবে।
বিভি/টিটি



মন্তব্য করুন: