১২ ফেব্রুয়ারি মূল জরিপ প্রকাশ হবে: ইশরাক হোসেন
ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, কারা জরিপ করেছে জানি না। নির্বাচনের আগে অনেক ভুঁইফোড় সংগঠন বানোয়াট তথ্য দিয়ে জরিপ করে। আমরা মনে করি মূল জরিপ প্রকাশ হবে ১২ ফেব্রুয়ারি। সেদিন জনগণ ধানের শীষের পক্ষে ভোট দিয়ে এসব জরিপ বানোয়াট প্রমাণ করে দিবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ওয়ারির টিকাটুলি থেকে নির্বাচনী গণসংযোগ শুরুর সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কিছু জরিপে দেখানো হয়েছে যে বিএনপির পক্ষে তরুণরা নেই, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, এসব কথার কোনো ভিত্তি নেই। নির্বাচনের দিন, ১২ ফেব্রুয়ারি, সারা দেশের জনগণ দেখাবে তারা কাকে চায়। ইনশাআল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয় লাভ করবে।
এ সময় তিনি আরও বলেন, সারাদেশে যেরকম একটি ফ্লো উঠেছে, আমাদের নেতা তারেক রহমান যেখানে যাচ্ছেন, সেখানেই মাইলের পর মাইল মানুষ দাঁড়িয়ে রয়েছে। সেটি আমাদের ঢাকা-৬ আসনকেও স্পর্শ করেছে, আমরা অত্যন্ত আশাবাদী।
ইশরাক জানান, গত দুইদিন ধরে বাড়ি বাড়ি ভোটার স্লিপ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ সময় কিছু ছোটখাটো বিষয় নোট করা হয়েছে যা কমিশনের কাছে জানানো হবে। তবে এর বাইরে আমাদের ঢাকা-৬ আসনে তেমন কোনো সমস্যা নেই। শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে এবং আমরা আশা করছি বিপুল ভোটে জয় লাভ করব, ইনশাআল্লাহ।
বিভি/কেএস/টিটি



মন্তব্য করুন: