• NEWS PORTAL

  • বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত সমর্থকদের হামলায় বিএনপি নেতার দৃষ্টি হারানোর খবর শুনে মায়ের মৃত্যু

প্রকাশিত: ২৩:০৬, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২৩:০৬, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
জামায়াত সমর্থকদের হামলায় বিএনপি নেতার দৃষ্টি হারানোর খবর শুনে মায়ের মৃত্যু

বগুড়া–৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে জামায়াত প্রার্থীর সমর্থকদের হামলায় চোখে গুরুতর আঘাত পেয়েছেন নন্দীগ্রাম উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা (মজিদ)। তাকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে মাসুদ রানা চোখের দৃষ্টি হারিয়েছেন–এমন খবর শুনে তার মা রাবেয়া বেওয়া (৬৫) হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে নন্দীগ্রামের পারশুন গ্রামে এ ঘটনা ঘটে। রাবেয়া বেওয়া ওই গ্রামের প্রয়াত মোহাম্মদ আলী আকন্দের স্ত্রী।

আহত মাসুদ রানার ছেলে কলেজছাত্র সিয়াম আকন্দ বলেন, তার বাবার দৃষ্টিশক্তি হারানোর খবর শুনে দাদির (রাবেয়া বেওয়া) হার্ট অ্যাটাক হয়। কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।

বিএনপির প্রার্থী মোশারফ হোসেন জানান, হামলার পর আহত মাসুদ রানাকে নিয়ে তার স্ত্রী সালমা বেগম শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তার ডান চোখ হারানোর কথা বলেন। আজ দুপুরের দিকে সালমা বেগম মুঠোফোনে বাড়িতে তার শাশুড়ি রাবেয়া বেওয়াকে বিষয়টি জানান। ছেলের চোখে হারানোর খবর জানার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। তাকে হাসপাতালে নেওয়ার সময়ও পাওয়া যায়নি।

এর আগে সোমবার রাতে নন্দীগ্রামের পারশুন গ্রামে জামায়াতের প্রার্থী মোস্তফা ফয়সালের পক্ষে ভোট কেনার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের নেতা বেলাল হোসেন ও জামায়াতের কর্মী ফারুক হোসেনকে আটক করেন ধানের শীষের সমর্থকেরা। ওই দুজনকে থালতা–মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার পারশুন গ্রামের বাড়িতে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে রাত ১২টার দিকে অর্ধশতাধিক মোটরসাইকেলে লাঠিসোঁটা নিয়ে দাঁড়িপাল্লার সমর্থকেরা মাসুদ রানার বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। হামলায় মাসুদ রানা গুরুতর আহত হন এবং তার চোখ গুরুতর জখম হয়। হামলাকারীরা বেলাল ও ফারুককে নিয়ে চলে যান।

আহত মাসুদ রানাকে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে আজ দুপুরের দিকে ঢাকায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান পল্লব সেন বলেন, গুরুতর জখম হয়ে মাসুদ রানা এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। দৃষ্টিশক্তি ফেরাতে চোখে জটিল অস্ত্রোপচার দরকার। এ কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: