তারা ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছে: মির্জা আব্বাস
ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়ে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ‘এই আসনে তাদের এত ভোট নেই। তারা ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছে।’
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর রাজধানীর শাহজাহানপুরে নিজ পারিবারিক কবরস্থান জিয়ারত করেন মির্জা আব্বাস। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এই আসনে তিনি পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। অন্যদিকে, এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।
মির্জা আব্বাস বলেন, ‘ফলাফলে আমি আনন্দিত। দেশবাসীও আনন্দিত। সবাই ভোট দিয়েছেন। এ রায় ঐতিহাসিক হয়েছে। আমরা আশা করছি, জনগণ এই রায়ের প্রতিফলন পাবে, ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘আমি গর্বিত যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তাদের পরবর্তী প্রজন্মের সঙ্গে রাজনীতি করছি।’
বাতিল ব্যালট প্রসঙ্গে তিনি বলেন, ‘এই আসনে যে ব্যালটগুলো বাতিল করা হয়েছে, তা ঠিক হয়নি। এটি অন্যায় হয়েছে। এগুলো যুক্ত করার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছি।’
মির্জা আব্বাস আরও বলেন, ‘আমি বারবার বলেছি, তারা এখানে ভোট ইঞ্জিনিয়ারিং করবে। তারা তা করেছে। কীভাবে করেছে, আমরা বুঝতে পারছি। এটি খুব ভয়ংকর এবং জাতির জন্য খারাপ লক্ষণ। তারা এখানে এত ভোট পেল কীভাবে? তাদের তো কোনো ভোট নেই।’
বিভি/পিএইচ



মন্তব্য করুন: