• NEWS PORTAL

  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ জাসদের বিবৃতি

সংসদের সদস্যদের সংবিধান বহির্ভূত অতিরিক্ত শপথ না নেওয়ার আহ্বান

প্রকাশিত: ২০:১৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সংসদের সদস্যদের সংবিধান বহির্ভূত অতিরিক্ত শপথ না নেওয়ার আহ্বান

ত্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদের সদস্যদের সংবিধান বহির্ভূত অতিরিক্ত শপথ না নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান কর্তৃক এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘সারা দেশবাসীর সাথে আমরাও গভীর আগ্রহের সাথে আগামীকাল জাতীয় সংসদের সদ্য নির্বাচিত সদস্যদের শপথ ও নতুন মন্ত্রীসভার শপথের জন্য প্রতীক্ষা করছি। কিন্তু গণমাধ্যমে সংসদ সদস্যদের আরেকটি অতিরিক্ত শপথের খবরে বিচলিত ও উদ্বিগ্ন বোধ করছি। একটি অসাংবিধানিক আদেশের বলে গণভোটে এ ধরণের শপথ, সময়সীমা বেঁধে দেওয়া ইত্যাদি জায়েজ করার বিরুদ্ধে আমরা শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছি। আগামী সংসদে রাষ্ট্রপতির আদেশ গৃহীত হবার আগে এ ধরণের অতিরিক্ত শপথ বৈধ হবে না। আমরা জাতীয় সংসদের সকল মাননীয় সদস্যকে অতিরিক্ত কোন শপথ গ্রহণ না করার জন্য আকুল আহ্বান জানাচ্ছি।

আমরা খুবই উদ্বেগ ও বিরক্তির সাথে লক্ষ্য করছি যে, একটি মহল গৌরবময় জুলাই গণঅভ্যুত্থানের নামে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য সংসদের ওপর চাপ সৃষ্টি করে সাংবিধানিক সংকট তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। যা মূলতঃ জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ও গণতান্ত্রিক সংস্কারকে ব্যর্থ করার প্রয়াস। জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনায় যে সমস্ত বিষয়ে ঐকমত্য সৃষ্টি হয়েছিল আগামী সংসদ দ্রুততম সময়ের মধ্যে সেগুলো অনুমোদন করবেন বলে আমরা আশা করছি। যেসব প্রশ্নে ভিন্নমত রয়েছে সেগুলো জাতীয় সংসদে বিস্তারিত আলোচনার সুযোগ রয়েছে। গণতান্ত্রিক যুক্তফ্রন্ট তথা শরীক সংগঠনসমূহ জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় যে সব বিষয়ে ঐকমত্য ও ভিন্নমত প্রকাশ করেছে সেগুলো সে অনুযায়ী বাস্তবায়নের জন্য রাজনৈতিকভাবে অঙ্গীকারাবদ্ধ।

আমরা সংশ্লিষ্ট সকলকে জুলাই শহীদদের রক্ত যেন বৃথা না যায় সে লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কারে জাতীয় সংসদের সামনে বাধা সৃষ্টির বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানাচ্ছি। জাতীয় সংসদে রাষ্ট্রপতির গণভোট আদেশ অনুমোদন হওয়া ব্যতিরেকে সংসদ সদস্যদের অতিরিক্ত আরেকটি শপথ না নেবার জন্য আবারও আহ্বান জানাচ্ছি।’

বিভি/পিএইচ

মন্তব্য করুন: