পাবলিক বাসে ঢাকার পথে এমপি মোশাররফ
সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন পাবলিক বাসে ঢাকায় ফিরছেন
পটুয়াখালী-৪ (১১৪) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন প্রতিবারের মতো এবারও সাধারণ মানুষের মতো পাবলিক বাসে করে ঢাকায় ফিরছেন। নির্বাচিত হবার আগে তিনি সাধারণত পাবলিক বাসেই এলাকায় যাতায়াত করতেন। সংসদ সদস্য হবার পরেএ তার এই সরল জীবনযাপন রাজনৈতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে।
সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবিএম মোশাররফ হোসেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নব্বইয়ের গণঅভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী এবং জাতীয়তাবাদী ছাত্রদল-এর সাবেক এই নেতা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর বড় ব্যবধানে বিজয়ী হয়ে সংসদে পৌঁছেছেন।
নির্বাচনে তিনি ১ লাখ ২২ হাজার ৭৬৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান ‘হাতপাখা’ প্রতীকে পান ৬৯ হাজার ৩৬ ভোট। এছাড়া ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী ডা. জহিরউদ্দিন আহাম্মেদ ‘দেয়ালঘড়ি’ প্রতীকে অর্জন করেন ১৩ হাজার ৫৮৫ ভোট।
বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় এবিএম মোশাররফ হোসেন বলেন, এলাকার সাধারণ মানুষের প্রাণখোলা ভালোবাসাই তাকে এই জয় এনে দিয়েছে। তিনি এই বিজয় জনগণের প্রতি উৎসর্গ করেন। দীর্ঘদিন রাজনীতির মাঠে সক্রিয় থেকে মানুষের পাশে থাকার ফলেই জনগণের আস্থা অর্জন সম্ভব হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।



মন্তব্য করুন: