প্রধানমন্ত্রীর প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে: মির্জা ফখরুল
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। তারেক রহমান নির্বাচনে জয়ী হয়ে দেশের নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশকে একটি সত্যিকারের উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলব।”
স্বাধীনতা দিবসে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জিয়াউর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল এবং খালেদা জিয়া দীর্ঘদিন গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছেন।
তিনি আরও বলেন, গত ১৫-১৬ বছরে গণতন্ত্র বাধাগ্রস্ত ছিল, তবে জনগণের আন্দোলনের মাধ্যমে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এবার একটি ভিন্ন ও স্বাধীন পরিবেশে দিবসটি উদ্যাপিত হচ্ছে।
এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ সরকারি ছুটি। ১৯৭১ সালের এই দিনে শুরু হয়েছিল বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধ, যার মধ্য দিয়ে অর্জিত হয় দেশের স্বাধীনতা।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: