• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাধা সৃষ্টি হলে তা ভেঙে লং মার্চ রংপুরে অগ্রসর হবে: এটিএম আজহারুল ইসলাম

রংপুর ব্যুরো 

প্রকাশিত: ১৭:১৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৭:১৬, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাধা সৃষ্টি হলে তা ভেঙে লং মার্চ রংপুরে অগ্রসর হবে: এটিএম আজহারুল ইসলাম

বাধা সৃষ্টি করা হলে তা ভেঙে ১১ দলীয় ঐক্যের লং মার্চ রংপুরের দিকে অগ্রসর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংশোধন করে তা জনগণের ওপর চাপিয়ে দিয়ে ক্ষমতায় বসে থাকার দিন শেষ হয়ে গেছে। 

ঢাকা-রংপুর লং মার্চ উপলক্ষে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ জনগণের ৯ দফা দাবি বাস্তবায়নের জন্যই ১১ দলীয় ঐক্যের এ কর্মসূচি। জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, জনগণের ৯ দফা দাবি মেনে নিয়ে সংবিধান সংস্কারের শপথ গ্রহণ কিংবা সংবিধান সংস্কারে ঐক্যের ভিত্তিতে সরকার উদ্যোগ গ্রহণ করবে, এটাই বিরোধী দলের প্রত্যাশা। জনগণের মতামত ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হলে তা মেনে নেয়া হবে না।

জামায়াতের এই নায়েবে আমীর বলেন, দেশে জনগণের অধিকার ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও সমঝোতার ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও কৃষি উপকরণের সংকট নিরসন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্যের লং মার্চ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। তবে কর্মসূচিতে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে তা ভেঙে লং মার্চ রংপুরের দিকে এগিয়ে যাবে।

সংবাদ সম্মেলনে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানীসহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লং মার্চের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় প্রস্তুতি ও প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: