• NEWS PORTAL

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬

ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির

প্রকাশিত: ১৫:০৫, ১১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় যুব ও ক্রীড়া উন্নয়ন প্রতিমন্ত্রী আমিনুল মো. আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি। একই সঙ্গে প্রশ্নফাঁসের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, দোষীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা এবং নিয়োগে মেধার মূল্যায়নের দাবি জানিয়েছে সংগঠনটি।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ঘেরাও কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।

কর্মসূচিতে জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, সরকার তরুণদের কর্মসংস্থান নিয়ে কোনো কার্যকর পরিকল্পনা দেখাতে পারেনি। বিএনপি এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এক কোটি চাঁদাবাজ তৈরি করেছে।

তিনি অভিযোগ করেন, চাকরি ও কর্মসংস্থানের সুযোগ পেতে তরুণদের রাজনৈতিক পরিচয়ের ওপর নির্ভর করতে হচ্ছে। প্রশ্নফাঁসের তথ্য পরীক্ষার আগের রাতেই সামনে এলেও পরীক্ষা শুরুর আগে সরকার কার্যকর উদ্যোগ নেয়নি। এতে নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি আরও বলেন, “বাংলাদেশের তরুণরা তাদের ন্যায্য হিস্যা কোনো রাজনৈতিক দল আদায় করে দেয়নি; আমরা রাজপথে নেমে সবসময় আমাদের ন্যায্য হিস্যা আদায় করেছি।

সংগঠনটির সাধারণ সম্পাদক প্রকৌশলী ফরহাদ সোহেল বলেন, বাংলাদেশের যুবসমাজ বারবার বঞ্চিত হয়েছে, বারবার তাদের নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। বিএনপি আবার নতুন খেলায় লিপ্ত হয়েছে।

তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রীর নিয়োগের ভিত্তি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি পুলিশ ভেরিফিকেশনের নামে চাকরিপ্রত্যাশীদের হয়রানি বন্ধের দাবি জানান।

জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ বলেন, আমাদের সন্দেহ হয়, এবার হয়তো ভাগবাটোয়ারায় গণ্ডগোল লেগেছিল। এ জন্য কেউ না কেউ প্রশ্নপত্র ফাঁসের খবর প্রকাশ করেছে। অন্যথায় ঘটনাটি সামনে আসত না।

মাত্র ২৪২টি পদের বিপরীতে ৩ লাখ ১৯ হাজার পরীক্ষার্থীর আবেদনের বিষয়টি উল্লেখ করে তিনি যুবসমাজের কর্মসংস্থান ও ন্যায্য অধিকার নিয়ে ছিনিমিনি না খেলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, যুবসমাজের পেটে লাথি দিয়ে তাদের সঙ্গে খেলবেন না। যুবসমাজের কোর্ট আপনার ফুটবল না যে আপনি লাথি দেবেন আর তারা চুপ করে বসে লাথি খাবে।

ঘেরাও কর্মসূচি শেষে সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম পাঁচ দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, যুব ও ক্রীড়া উন্নয়ন প্রতিমন্ত্রী আমিনুলের পদত্যাগ, প্রশ্নফাঁসের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দোষীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা, নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়ম বন্ধ করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা, ভেরিফিকেশনের নামে হয়রানি ও ভাইভার নম্বর নিয়ে কারসাজি বন্ধ করা এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ করা।

বিভি/বিএস/পিএইচ

মন্তব্য করুন: