• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দুপুরে কমিটি ঘোষণা, বিকালেই এনসিপি নেতার পদত্যাগ

প্রকাশিত: ০০:৪১, ১৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
দুপুরে কমিটি ঘোষণা, বিকালেই এনসিপি নেতার পদত্যাগ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন মামুন মজুমদার নামের এক নেতা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্ত জানান। তিনি উপজেলা কমিটিতে ১নম্বর যুগ্ম সমন্বয়কারী পদে ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির আহ্বায়ক ব্যারিস্টার মাজারুল ইসলাম সোহেল ও সদস্য সচিব সৈয়দ আহসান টিটু অনুমোদিত এনসিপি চৌদ্দগ্রাম উপজেলার আহ্বায়ক কমিটির ঘোষণার পর পরই মামুন মজুমদার ফেসবুকে পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। আহ্বায়ক কমিটিতে মামুন মজুমদারকে সহ-সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে।

ফেসবুক পোস্টে মামুন মজুমদার লেখেন, তিনি সব সময় রাজনৈতিকভাবে সচেতন থাকলেও প্রকাশ্য রাজনীতি থেকে দূরে ছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান এবং জাতীয় নাগরিক পার্টি গঠন পর্যন্ত দেশের ক্রান্তিকালে দায়বদ্ধতা থেকে দলটির বিভিন্ন কর্মসূচিতে সচেতনভাবে অংশ নিয়েছেন।

তিনি আরও লেখেন, ব্যক্তিগত কারণে অনেক আগেই রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু জেলা এনসিপি চৌদ্দগ্রাম উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করার পর সেখানে নিজের নাম দেখতে পান, যা তার নিজস্ব মতামতের ভিত্তিতে হয়নি। এ কারণে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি উপজেলা কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন।

একই সঙ্গে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং উপজেলা এনসিপিতে কাজ করা আত্মীয়স্বজন ও বন্ধুদের শুভকামনা জানান।

পদত্যাগের বিষয়ে মামুন মজুমদার বলেন, কমিটি ঘোষণার আগেই তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়েছিলেন, কমিটিতে থাকবেন না। এরপরও ভুলবশত তাকে উপজেলা আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে। এ কারণে ফেসবুকে পদত্যাগের পোস্ট দিয়েছেন। তবে জেলা কমিটির সদস্য হিসেবে থাকবেন বলেও জানান তিনি।

এ দিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির সদস্যসচিব সৈয়দ আহসান টিটু জানান, মামুন মজুমদার লিখিত কোনো পদত্যাগপত্র জমা দেননি। তবে ফেসবুকে তার পদত্যাগের পোস্ট তারা দেখেছেন। এরই মধ্যে উপজেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক পদ থেকে তার নাম প্রত্যাহার করা হয়েছে।

সৈয়দ আহসান টিটু আরও বলেন, তাদের ধারণা, কাঙ্ক্ষিত পদ না পাওয়ার কারণে মামুন মজুমদার ফেসবুকে পদত্যাগের পোস্ট দিয়েছেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: