• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সৌদি আরবে শ্রমিক নির্যাতন, সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন সাইফুল হকের

প্রকাশিত: ১৩:০২, ২৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সৌদি আরবে শ্রমিক নির্যাতন, সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন সাইফুল হকের

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসী শ্রমিকদের নির্যাতন ও নারী শ্রমিকদের যৌন নিপীড়নের অভিযোগের বিষয়ে বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তার অভিযোগ, প্রবাসী নারী শ্রমিকদের একটি বড় অংশ যৌন নিপীড়ন ও ধর্ষণের শিকার হলেও তাদের সুরক্ষায় সংশ্লিষ্ট দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বিপ্লবী শ্রমিক সংহতি আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

সৌদি আরবে শরিয়া আইনের নামে মধ্যযুগীয় বিচারব্যবস্থা চলছে বলে অভিযোগ করে সাইফুল হক বলেন, প্রবাসী শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনায় বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না।

বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, সরকারি খরচে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ব্যবস্থা করতে হবে। এতে শ্রমিকদের বিদেশ যাওয়ার ব্যয় কমানো এবং নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে বলে তিনি মনে করেন।

শ্রমিকদের মজুরি প্রসঙ্গে সাইফুল হক নভেম্বরের মধ্যে জাতীয় ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে তৈরি পোশাকশিল্পসহ সব খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের আহ্বান জানান তিনি।

এ ছাড়া শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং হকারদের পুনর্বাসন নিশ্চিত করারও দাবি জানান এই শ্রমিক নেতা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: