• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পাসপোর্ট-এনআইডি হাসিনার রাজনৈতিক চাল: বিশেষজ্ঞ অভিমত

নিয়াজ মাখদুম

প্রকাশিত: ১৯:১৬, ৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৪৮, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পাসপোর্ট-এনআইডি হাসিনার রাজনৈতিক চাল: বিশেষজ্ঞ অভিমত

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির জন্য যোগ্য হওয়ার আবেদনকে রাজনৈতিক চাল হিসেবে দেখছেন দেশের সিনিয়র আইনজীবী ও বিশেষজ্ঞরা। 

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্তকে শেখ হাসিনার বড় ধরনের ‘রাজনৈতিক ভুল’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, পাসপোর্ট চেয়ে প্রকারান্তরে ভারত থেকে বাংলাদেশে ফেরা আরও সহজ করেছেন হাসিনা। এর মধ্য দিয়ে শেখ হাসিনা নিজেই মনে করছেন, দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি এখন রয়েছে।

আইনি জটিলতার বিষয়টি তুলে ধরে এই আইনজ্ঞ বলেন, সমস্যা হলো শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। তাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতকে চিঠি দিয়েছে। প্রত্যর্পণের অনুরোধ জানানো কোনো দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাকে দণ্ডিত অপরাধী হিসেবেই ফিরতে হবে। এ জন্য কোনো পাসপোর্টের প্রয়োজন নেই। তিনি আরও বলেন, ভারত সরকার চাইলে শেখ হাসিনাকে গ্রেফতার করে যেকোনো সময় বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে। সাবেক এই উপদেষ্টার মতে, হাসিনার দেশে ফেরার পথ একটাই সেটি হলো- বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফিরতে হবে।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, হাসিনার পাসপোর্ট চাওয়াটা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’। তিনি কখনোই দেশে ফিরবেন না। 

হাসিনাকে নিয়ে এখনো রাজনীতি চলছে উল্লেখ করে সিনিয়র আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী বলেন, একটি রাজনৈতিক গেম চলছে। পাসপোর্ট বা এনআইডি চেয়ে একটি নতুন ইস্যু তৈরি করা হচ্ছে। পরবর্তীতে তিনি যেনো বলতে পারেন তাকে পাসপোর্ট এবং ট্রাভেল পাস দেওয়া হয়নি। তাই তিনি দেশে ফিরতে পারেননি। পাসপোর্ট-এনআইডি চাওয়ার ফলে নেতাকর্মীরা উজ্জীবিত হবে। একইসাথে ব্যবসায়ী অলিগার্করা চাঙা হবে। শেখ হাসিনার বিচারের রায় কার্যকর করতে চাইলে তাকে যে কোনো পদ্ধতিতে সরকার দেশে আনতে পারে। 

রাজনৈতিক বিশ্লেষক ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, পাসপোর্ট-এনআইডি চাওয়া শেখ হাসিনার আরেকটি রাজনীতি। তার প্রতিটি পদক্ষেপ রাজনীতি। হাসিনা এই সরকারকে অস্থিতিশীল করতে চাচ্ছে। দেশ অস্থিতিশীল হলে সে এক ফাঁকে দেশে প্রবেশের সুযোগ নিতে চাইবে। 

এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, শেখ হাসিনা দেশে আসবেন না। কিন্তু সে চাচ্ছে নেতাকর্মীদের দিয়ে ককটেল মেরে মানুষের মনে ভয় ধরিয়ে দিতে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে। শেখ হাসিনা দেশে ফিরলে যে প্রতিরোধ হবে ভারতও চাইবে না সেই পরিস্থিতির মুখোমুখি হতে।

ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেন, ওই দেশ থেকে আবেদন করলে সেটা আমাদের দেখার বিষয় না। দণ্ডিত আসামীর আইনগত যতো প্রক্রিয়া আছে সেগুলো ফেইস করেই আবেদন করতে হবে। তার পাসপোর্ট নেই এ জন্য তার বিরুদ্ধে বর্ডার ক্রসের মামলায় হবে। ভারতে থেকে বিভিন্ন সময়ে সে একাধিক আল্টিমেটাম দিয়েছে, পরিস্থিতি অস্থিতিশীল করার জন্যই। এছাড়া নেতাকর্মীদের মধ্যে যারা দেশে পালিয়ে আছে, তাদের চাঙা রাখার কৌশল হিসেবেই হাসিনা এই ইস্যু সামনে আনলেন।

বিভি/এমআর

মন্তব্য করুন: