এনসিপির নারীশক্তির নেতৃত্বে এলেন পাইলট ফারিয়াল হামিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ শাখার কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন নারী পাইলট ইথার ফারিয়েল হামিদ।
রবিবার (৮ নভেম্বর) জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাসের জন্য দুই শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটি অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক হয়েছেন খন্দকার খালেদা আক্তার। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রেহানা আক্তার রুমা এবং মুখ্য সংগঠক হয়েছেন সালমা আক্তার।
অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক করা হয়েছে সিফাত সুলতানা মিমকে। সদস্যসচিব হয়েছেন নারী পাইলট ইথার ফারিয়েল হামিদ এবং মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন ফাতেমা রহমান মেঘা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আংশিক কমিটি দুটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।
কমিটি দুটির অনুমোদন দিয়েছেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু ও সদস্যসচিব নুসরাত তাবাসসুম জ্যোতি। এ ছাড়া কমিটি অনুমোদনের সুপারিশ করেন সংগঠনটির মুখ্য সংগঠক মনজিলা ঝুমা।
ইথার ফারিয়েল হামিদের নারী পাইলট হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক ও দলের যুগ্ম মহাসচিব ইসহাক সরকার।
নিজের ফেসবুক স্ট্যাটাসে নবগঠিত কমিটির নেত্রীদের অভিনন্দন জানান তিনি। সেখানে ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক সিফাত সুলতানা মিম, সদস্যসচিব ইথার ফারিয়েল হামিদ (নারী পাইলট) এবং মুখ্য সংগঠকসহ কমিটির অন্য নেত্রীদের শুভেচ্ছা জানান ইসহাক সরকার।
বিভি/টিটি













মন্তব্য করুন: