বাংলাদেশে ঐক্য হতে হলে জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে: নাসিরুদ্দিন পাটোয়ারী
তরবারির সঙ্গে গর্দানের কোনো সংলাপ চলবে না। বাংলাদেশে ঐক্য হতে হলে জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই একইসাথে অব্যাহত থাকবে।
শেখ হাসিনার ফাঁসি কার্যকর এবং আওয়ামী লীগের বিচারসহ ৪ দফা দাবিতে সোমবার (২৩ নভেম্বর) বিকালে চট্টগ্রামের নিউমার্কেটে এনসিপির বিক্ষোভ সমাবেশ তিনি একথা বলেন।
সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে পাটোয়ারী বলেন, একদিকে ভারতবিরোধী অবস্থানের কথা বলা হচ্ছে, অন্যদিকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তিনি। গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হলে ভারতীয় পণ্য ও নাগরিকদের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে আদালতের মাধ্যমে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপিকে স্পষ্ট অবস্থান নিতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে গণভোটের রায় বাস্তবায়ন ও হত্যাকাণ্ডের বিচারে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, গত আট মাসে চাঁদাবাজি, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের কেউ কেউ পুনর্বাসনের সুযোগ পেয়েছে। বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
পরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মিছিলটি নিউমার্কেট থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিকশক্তি সহ সহযোগী সংগঠন অংশ নেয়।
বিভি/এসজি













মন্তব্য করুন: