• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

দেশ অস্থিতিশীল করার চেষ্টা বরদাশত করা হবে না: এমপি মোশাররফ

কুয়াকাটা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪২, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দেশ অস্থিতিশীল করার চেষ্টা বরদাশত করা হবে না: এমপি মোশাররফ

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের অগ্নিসন্ত্রাস ও সহিংসতার পথ পরিহার করে শান্তিপূর্ণভাবে থাকার আহ্বান জানিয়েছেন।

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিশাল শান্তি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় কলাপাড়া পৌরসভা প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক এবং কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লী। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও বক্তব্য দেন। মিছিল ও সমাবেশে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগের কিছু নেতা এখনো দিবাস্বপ্ন দেখছেন। শেখ হাসিনার দেশে ফিরে আসার কথা বলা আর পাগলের প্রলাপ বকার মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের অগ্নিসন্ত্রাস ও সহিংসতার পথ পরিহার করে শান্তিপূর্ণভাবে থাকার আহ্বান জানান।

এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের বিভিন্ন ঘটনার বিবরণ তুলে ধরেন।

শান্তি মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই কলাপাড়া শহরে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিভি/কুয়াকাটা/পিএইচ

মন্তব্য করুন: