আওয়ামীলীগ-বিএনপি ৫০ বছরে নারীদের অধিকার রক্ষায় ব্যর্থ: এবি পার্টি
এবি পার্টির আহবায়ক ও সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী বলেছেন, ‘গত ৫০ বছরে আওয়ামী লীগ-বিএনপির রাজনীতি দেশকে যেমন হতাশ করেছে, তেমনি নারীদের অধিকার রক্ষায়ও উভয় দল ব্যর্থ হয়েছে।’
মঙ্গলবার (৮ মার্চ) বিজয় নগরস্থ এবি মিলনায়তনে এবি পার্টি মহিলা বিভাগের মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সোলায়মান চৌধুরী বলেন, আওয়ামীলীগ-বিএনপির ৫০ বছরের রাজনীতি দেশকে যেমন হতাশ করেছে, তেমনি নারীদের অধিকার রক্ষায়ও উভয় দল ব্যর্থ হয়েছে। গণতান্ত্রিক সরকার জনগণের স্বার্থ নিয়ে চিন্তিত থাকে আর অগণতান্ত্রিক সরকারের ভয়ে জনগণ তটস্থ থাকে। অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে বেশি দিন টিকে থাকা যায় না।
তিনি অভিযোগ করেন, এই সরকার দেশের অর্থনীতি ও শিক্ষা সবদিক দিয়ে শেষ করে দিয়েছে। তিনি বলেন, সর্বাধুনিক রাষ্ট্রের ধারণা হলো অধিকারবাদী রাষ্ট্র, এখান থেকেই তৈরি হয় নাগরিক ধারণার পূর্ণতা। আজকে নারীরাও যদি একই ধারণা পোষন করে, তবেই নারীরা তাদের অধিকার অর্জনে সাম্যতা পাবে। তিনি বলেন, এবি পার্টির সংগ্রাম নারী-পুরুষ বৈষম্যহীন অধিকার-বান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি ও দলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবি পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, যুবনেতা ইলিয়াস আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য জামিল আব্দুর রব, আব্দুল হালিম নান্নু, লুৎফুর রহমান, এবি পার্টি মহিলা বিভাগের নেত্রী সুলতানা রাজিয়া, আমেনা বেগম, শীলা আক্তার, ফেরদৌস আক্তার অপি, সাজেদা মুন্নী, শামীমা আক্তার কলি, সারাফ আনজুম বিভার, আনিকা সাকিন প্রমুখ।
বিভি/এএইচ/এইচএস



মন্তব্য করুন: