• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়, পুরস্কার পেলেন ২৯ কিশোর-যুবক

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৩, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ১২:০৪, ১৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়, পুরস্কার পেলেন ২৯ কিশোর-যুবক

টাঙ্গাইলে টানা ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার মাধ্যমে পুরস্কার পেয়েছেন ২৯ জন কিশোর ও যুবক। সোমবার (১৬ মার্চ) রাতে তারাবির নামাজের পর তাদের মধ্যে পাঞ্জাবি, জায়নামাজ, আতর, টুপি ও ইসলামী বই বিতরণ করা হয়।

টাঙ্গাইল শহরের কলেজপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি মহল্লার কিশোর ও যুবকদের নামাজে আগ্রহী এবং মসজিদমুখী করতে এই ব্যতিক্রমী প্রতিযোগিতা ও পুরস্কারের আয়োজন করেন।

কলেজপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সাদ রহমান জানান, শবে বরাতের দিন থেকে প্রতিযোগিতায় অংশ নিতে মহল্লার ৫২ জন কিশোর ও যুবক নাম লিখিয়েছেন। পুরস্কারের জন্য ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে তাকবিরে উলার সঙ্গে আদায়ের শর্ত দেওয়া হয়েছিল। এতে সফল হয়ে মোট ২৯ জন পুরস্কারপ্রাপ্ত হয়েছেন।

তিনি আরও জানান, কিশোর ও যুবকদের ইসলামের দিকে ফিরিয়ে আনতে হলে নামাজের বিকল্প নেই। তাদের মোবাইল ফোনে আসক্তি কমিয়ে নামাজ ও ধর্মীয় কাজে উৎসাহিত করা এবং মসজিদমুখী করা আমাদের মূল লক্ষ্য।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পরশ তালুকদার জানান, এমন উদ্যোগ আমাদের সমাজকে আরও সুন্দর করবে। এতে কিশোর ও যুবকরা নামাজের প্রতি আগ্রহী হবে এবং তাদের দেখে অন্যরাও নামাজে আসবেন। প্রতিটি এলাকায় এমন উদ্যোগ নিলে সমাজ থেকে অপসংস্কৃতি দূর হবে। তিনি সবাইকে দোয়া করার আহ্বান জানান, যাতে আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে দ্বীন ইসলামের জন্য কবুল করেন। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি রেজানুর মির্জা, সাধারণ সম্পাদক পরশ তালুকদার, কোষাধক্ষ্য নাসির উদ্দিন টিটু, মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সাদ রহমান এবং অন্যান্য মুসল্লি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত