এ বছরের ঈদুল আজহা কবে, জানা গেল সম্ভাব্য তারিখ
ঈদুল ফিতরের আমেজ শেষ হতে চললো প্রায়। এরই মধ্যে মুসলিম বিশ্বে দ্বিতীয় সর্ববৃহৎ উৎসব ঈদুল আজহার ক্ষণগণনা শুরু করেছে। পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত। আর ওই হিসাবে সামনে আসছে বাংলাদেশের ঈদুল আজহার তারিখও।
আমিরাতে ২৭ মে বুধবার ঈদুল আজহা উদযাপন হতে পারে জ্যোতির্বিজ্ঞানের বর্তমান হিসাব অনুযায়ী। আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে পরদিন ২৭ মে বুধবার দেশটিতে ঈদুল আজহা পালিত হবে।
ঈদুল আজহা উপলক্ষে ২৭ মে থেকে ২৯ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকবে আমিরাতে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হলে আমিরাতের বাসিন্দারা টানা ছয় দিনের এক দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন। তবে ঈদুল আজহা ও প্রতিটি ধর্মীয় উৎসবের নির্দিষ্ট তারিখ নির্ভর করছে চাঁদ দেখার ওপর। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখগুলোতে পরিবর্তন আসতে পারে।
বাংলাদেশের ক্যালেন্ডারে ঈদুল আজহার ছুটি ধরা আছে ২৬ মে থেকে ২৮ মে পর্যন্ত। পরে শুক্র ও শনিবার সরকারি ছুটি হওয়ায় টানা ৫দিন ছুটি রাখা হয়েছে। দবে আরব আমিরাতের হিসাবে ২৭ তারিখ ঈদ হলে পরবর্তী ছুটি আরও বাড়তে পারে।
ইসলাম ধর্মের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা হিজরি সনের ১২তম ও শেষ মাসে উদযাপিত হয়। মহান আল্লাহর প্রতি আনুগত্যের নিদর্শন হিসেবে হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমাকে স্মরণ করে এই উৎসব পালন করা হয়। প্রার্থনা, দান-খয়রাত এবং স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগিই এই দিনের মূল অনুষঙ্গ। ঈদুল আজহার দিনের প্রধান আমল হলো কোরবানি করা। কোরবানি ইসলামের অন্যতম নিদর্শন।
বিভি/এজেড



মন্তব্য করুন: