• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

হজ-ব্যবস্থাপনায় স্মার্ট প্রযুক্তি ব্যবহার করছে সৌদি আরব

প্রকাশিত: ০১:১৯, ৭ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
হজ-ব্যবস্থাপনায় স্মার্ট প্রযুক্তি ব্যবহার করছে সৌদি আরব

পবিত্র হজকে সামনে রেখে হজযাত্রীদের চলাচল সহজ ও নিরাপদ করতে নতুন এক স্মার্ট প্রযুক্তি চালু করেছে সৌদি আরবের একটি স্টার্টআপ।

সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ শাখা ওয়াদি মক্কা কোম্পানি ফর টেকনোলজির অধীনস্থ স্টার্টআপ ‘আল-আমাদ’ নামের একটি প্রতিষ্ঠান ‘পবিত্র স্থানসমূহের পথ’ নামে একটি আধুনিক মোবিলিটি প্ল্যাটফর্ম চালু করেছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কাজ করবে।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে হজের সময় বিভিন্ন পবিত্র স্থানের মধ্যে যাত্রীদের চলাচল আরও সহজ, দ্রুত এবং সুশৃঙ্খল হবে। এতে রিয়েল-টাইম ডাটা ও ভিড় নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করা হবে, ফলে ভিড় কমবে, যানজট নিয়ন্ত্রণে থাকবে এবং নিরাপত্তা বাড়বে।

এছাড়া এতে এমন প্রযুক্তি রয়েছে, যা আগেই ধারণা দিতে পারবে কখন কোথায় বেশি ভিড় হতে পারে। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগে থেকেই ব্যবস্থা নিতে পারবে।

এই উদ্যোগের আরেকটি বিশেষ দিক হলো, অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির ব্যবহার। এর মাধ্যমে হজ বা ওমরাহ পালনকারীরা আগে থেকেই ভার্চুয়ালি পবিত্র স্থানগুলো ঘুরে দেখতে পারবেন। এতে তারা পথঘাট সম্পর্কে ধারণা পাবেন এবং বাস্তবে গিয়ে কম বিভ্রান্ত হবেন।

শুধু তাই নয়, হজযাত্রীদের সেবায় নিয়োজিত কর্মীরাও এই প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ নিতে পারবেন। জরুরি পরিস্থিতি, যেমন অতিরিক্ত গরম বা অসুস্থতা মোকাবিলায় কী করতে হবে—সেটিও বাস্তবসম্মতভাবে শেখানো হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এই প্রযুক্তি চালুর ফলে হজ ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর হবে এবং যাত্রীদের ভোগান্তি কমবে। 

সূত্র: রিয়াদ ডেইলি ডটকম

বিভি/টিটি

মন্তব্য করুন: