• NEWS PORTAL

  • বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

অনলাইনকে বিদায় জানালেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি

প্রকাশিত: ১৫:৪৯, ৬ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
অনলাইনকে বিদায় জানালেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি

ছবি: শায়খ সালেহ আল-ফাওজান (সংগৃহীত)

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও বিশ্বখ্যাত আলেম শায়খ সালেহ আল-ফাওজান রহস্যজনকভাবে ইন্টারনেট থেকে তার সমস্ত কর্মকাণ্ড ও উপস্থিতি সরিয়ে নিয়েছেন। এর মধ্যে রয়েছে তার অফিশিয়াল ওয়েবসাইট, প্রায় ১০ লাখ ফলোয়ারবিশিষ্ট টুইটার (এক্স) অ্যাকাউন্ট এবং ১০ লক্ষাধিক সাবস্ক্রাইবারসম্পন্ন ইউটিউব চ্যানেল।

দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত তার কয়েক হাজার ফতোয়া, দরস (পাঠদান), জুমার খুতবা এবং লেকচারের এক বিশাল আর্কাইভ এখন আর অনলাইনে খুঁজে পাওয়া যাচ্ছে না।

শায়খ ফাওজানের অফিশিয়াল ওয়েবসাইট (alfawzan. af. org. sa) এখন আর সচল নেই। এ ছাড়া তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোও চিরতরে মুছে ফেলা হয়েছে। এর ফলে মুসলিম উম্মাহর জন্য উন্মুক্ত থাকা এক বিশাল ইলমি ভান্ডার অনলাইন থেকে হারিয়ে গেলো। ডিলিট হওয়া কনটেন্টগুলোর একটি তালিকা নিচে দেওয়া হলো:

১১,৭৮৩টি ফতোয়া

১,৯৪৪টি দরস (শিক্ষামূলক পাঠ)

১৮৪টি জুমার খুতবা

৫৭৮টি বিশেষ লেকচার

দশকব্যাপী সংগৃহীত এই ধর্মীয় দিকনির্দেশনা ও ফতোয়াগুলো ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করত, যা এখন আর ইন্টারনেটে সহজলভ্য নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ দাবি করেছিলেন, এই অ্যাকাউন্টগুলো হয়তো ভক্তদের দ্বারা পরিচালিত ছিল। তবে ইতোপূর্বে তার অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য যাচাই করে দেখা গেছে, শায়খ সালেহ আল-ফাওজান নিজেই এই অ্যাকাউন্টগুলোকে তার দাফতরিক মাধ্যম হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। বর্তমানে যার একটিও অনলাইনে সক্রিয় নেই।

কেন বা কী কারণে হঠাৎ করে সমস্ত প্ল্যাটফর্ম থেকে এই কনটেন্টগুলো সরিয়ে নেওয়া হলো, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। শায়খ আল-ফাওজান নিজেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রকাশ্য বিবৃতি দেননি। সব কটি প্ল্যাটফর্ম থেকে একই সঙ্গে তথ্যগুলো মুছে ফেলার বিষয়টি অনুসারীদের মাঝে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। -সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন।

বিভি/এআই

মন্তব্য করুন: