দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে হচ্ছে এবারের দুর্গোৎসব
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে পূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা মহানগরীতেই ২৫৮টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দির মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস।
তিনি বলেন, সারা দেশে আনন্দঘন পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। ভক্তরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে মণ্ডপে গিয়ে দেবীদর্শন ও পূজা-অর্চনা করতে পারেন, সে লক্ষ্যে পূজা উদযাপন কমিটি ও প্রশাসন যৌথভাবে কাজ করছে।
শুভাশীষ কুমার বিশ্বাস জানান, প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গোৎসব সফলভাবে সম্পন্ন করতে সমাজের সব স্তরের মানুষের সর্বাত্মক সহযোগিতাও কামনা করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: