ব্যবসায় সততার গুরুত্ব: সাময়িক লাভ নয়, দীর্ঘমেয়াদি সাফল্যের চাবিকাঠি
ছবি: ফাইল ফটো
একজন ক্রেতা যখন দোকানে কোনো পণ্য কিনতে যান, তখন তিনি শুধু পণ্যটিই কেনেন না, কেনেন বিক্রেতার ওপর রাখা বিশ্বাসও। কিন্তু সেই বিশ্বাসের জায়গায় যদি থাকে প্রতারণা, ওজনে কম দেওয়া কিংবা পণ্যের দোষ গোপন করার প্রবণতা, তাহলে ব্যবসার প্রকৃত অর্থই প্রশ্নের মুখে পড়ে। অন্যদিকে, সততা ও বিশ্বস্ততার মাধ্যমে গড়ে ওঠা ব্যবসায় শুধু আর্থিক লাভই আসে না, তৈরি হয় দীর্ঘমেয়াদি সম্পর্ক ও সামাজিক মর্যাদা।
ইসলামে ব্যবসায় সততা একটি গুরুত্বপূর্ণ নৈতিক গুণ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সূরা আল-বাকারার ২৭৫ নম্বর আয়াতে এ বিষয়ে নির্দেশনা রয়েছে। একই সঙ্গে ব্যবসায় লেনদেনের ক্ষেত্রে ন্যায়বিচার, স্বচ্ছতা ও অন্যের অধিকার রক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
ব্যবসায় সততার গুরুত্ব বোঝাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন একটি উজ্জ্বল দৃষ্টান্ত। নবুয়ত লাভের আগেও তিনি সত্যবাদিতা ও বিশ্বস্ততার জন্য মানুষের কাছে পরিচিত ছিলেন। তার সততা ও আমানতদারি মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো।
এ বিষয়ে হাদিসেও সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ক্রেতা ও বিক্রেতা যতোক্ষণ বিচ্ছিন্ন না হয়, ততক্ষণ তাদের (লেনদেন বাতিল বা বহাল রাখার) অধিকার থাকে। তারা যদি সত্য বলে এবং (পণ্যের দোষ-গুণ) স্পষ্ট করে, তবে তাদের লেনদেনে বরকত দেওয়া হয়। আর যদি তারা গোপন করে এবং মিথ্যা বলে, তবে তাদের লেনদেনের বরকত মুছে ফেলা হয়।’ (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)
বর্তমান সময়ে ব্যবসায় প্রতিযোগিতা বেড়েছে। ক্রেতাকে আকৃষ্ট করতে নানা ধরনের বিজ্ঞাপন, মূল্যছাড় ও প্রচারণা চালানো হচ্ছে। তবে এসবের মধ্যে কিছু ক্ষেত্রে পণ্যের গুণগত মান নিয়ে অতিরঞ্জিত দাবি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, নকল পণ্যকে আসল বলে চালিয়ে দেওয়া এবং মূল্য সম্পর্কে অস্পষ্টতা তৈরির মতো অভিযোগও দেখা যায়। এসব অনৈতিক আচরণ সাময়িকভাবে লাভ এনে দিলেও দীর্ঘমেয়াদে ব্যবসার সুনাম নষ্ট করতে পারে।
অন্যদিকে, একজন সৎ ব্যবসায়ী পণ্যের প্রকৃত মান তুলে ধরেন, সঠিক ওজন দেন, ন্যায্য মূল্য নির্ধারণ করেন এবং ক্রেতার সঙ্গে প্রতিশ্রুতি রক্ষা করেন। কোনো পণ্যে ত্রুটি থাকলে তা গোপন না করে ক্রেতাকে জানান। এতে ক্রেতার আস্থা বাড়ে এবং তিনি আবারও সেই ব্যবসাপ্রতিষ্ঠানে ফিরে আসতে আগ্রহী হন।
ব্যবসায় সততা শুধু বিক্রেতার দায়িত্ব নয়; সরবরাহকারী, উৎপাদক, কর্মচারী এবং ক্রেতা, সবারই নিজ নিজ অবস্থান থেকে নৈতিক আচরণ করা প্রয়োজন। চুক্তি রক্ষা, পাওনা পরিশোধ, সঠিক তথ্য দেওয়া এবং অন্যের অধিকার সংরক্ষণ একটি সুস্থ ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে সহায়তা করে।
বিশেষজ্ঞদের মতে, ব্যবসার দীর্ঘমেয়াদি সাফল্যের ক্ষেত্রে পণ্যের মান, গ্রাহকসেবা, সুনাম এবং ক্রেতার আস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সততা এসব বিষয়কে শক্তিশালী করে। তবে ব্যবসায় সফলতার জন্য সততার পাশাপাশি দক্ষতা, সঠিক পরিকল্পনা, বাজার সম্পর্কে ধারণা এবং মানসম্মত সেবাও প্রয়োজন।
সব মিলিয়ে, ব্যবসার প্রকৃত সাফল্য শুধু কতো টাকা আয় হলো, তা দিয়ে বিচার করা যায় না। সেই আয়ের উৎস কতটা ন্যায়সংগত, কতজন মানুষের আস্থা অর্জন করলো এবং কতটা দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালিত হলো, সেটিও গুরুত্বপূর্ণ। সততা তাই ব্যবসার পথে কেবল একটি নৈতিক আদর্শ নয়; এটি বিশ্বাস, সুনাম ও টেকসই সম্পর্ক গড়ে তোলার অন্যতম ভিত্তি।
বিভি/এমআর













মন্তব্য করুন: