• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কুমিল্লায় ‘পবিত্র কুরআনের আলো’র ১৯তম আসরের অডিশন অনুষ্ঠিত

সুজন মজুমদার, কুমিল্লা

প্রকাশিত: ১৯:৪২, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কুমিল্লায় ‘পবিত্র কুরআনের আলো’র ১৯তম আসরের অডিশন অনুষ্ঠিত

কুমিল্লায় বাংলাভিশন আয়োজিত কোরআনভিত্তিক রিয়্যালিটি শো ‘পবিত্র কুরআনের আলো’র ১৯তম আসরের জেলা ও বিভাগীয় পর্যায়ের অডিশন অনুষ্ঠিত হয়েছে। এতে কুমিল্লা বিভাগের ছয় জেলার শতাধিক হাফেজ শিক্ষার্থী অংশ নেন। রবিবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুমিল্লা দারুস সুন্নাত দ্বীনিয়া একাডেমি মাদরাসায় জেলা পর্যায়ের অডিশন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন মাদরাসার শতাধিক হাফেজ শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্য থেকে ২০ জনকে কুমিল্লা জেলা পর্যায়ে নির্বাচিত করা হয়।

পরে একই স্থানে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভাগীয় অডিশন অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা বিভাগের ছয় জেলা- কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী থেকে বাছাই করা ১২০ জন হাফেজ শিক্ষার্থী অংশ নেন। বিভাগীয় অডিশনে নির্বাচিত শিক্ষার্থীদের ঢাকায় পরবর্তী বাছাইপর্বে পাঠানো হবে।

অডিশনে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা কারি নাজির মাহমুদ। সহকারী বিচারক ছিলেন মাওলানা কারি আতাউল্লাহ আল মামুন, হাফেজ মাওলানা হোসাইন আহমাদ ও হাফেজ মাওলানা কবির আহমাদ।

প্রতি বছর পবিত্র রমজান মাসে বাংলাভিশনে প্রচারিত হয় ‘পবিত্র কুরআনের আলো’। বাছাইপর্বে উত্তীর্ণ প্রতিযোগীরা আগামী রমজানে অনুষ্ঠানটির মূল পর্বে অংশ নেবেন।

বিভি/নোয়াখালী/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত