• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

যুদ্ধও থামাতে পারেনি কোরআন হিফজ, গাজার ১০০০ হাফেজকে সংবর্ধনা

প্রকাশিত: ২২:২০, ১৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
যুদ্ধও থামাতে পারেনি কোরআন হিফজ, গাজার ১০০০ হাফেজকে সংবর্ধনা

যুদ্ধের ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি ও নানা প্রতিকূলতার মধ্যেও পবিত্র কোরআন হিফজের ধারাবাহিকতা ধরে রেখেছেন গাজ্জার ফিলিস্তিনিরা। ২০২৬ সালের জাতীয় কোরআন হিফজ পরীক্ষায় উত্তীর্ণ হাফেজ ও হাফেজাদের সংবর্ধনা দিয়েছে গাজ্জার ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজ্জা নগরীতে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননাপত্র ও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। আলজেরিয়ার দাতব্য সংস্থা আল-বারাকা অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের আগে গাজ্জার বিভিন্ন বয়সী হাফেজ-হাফেজাদের অংশগ্রহণে কোরআন পদযাত্রা অনুষ্ঠিত হয়। হাতে পবিত্র কোরআনের কপি নিয়ে তারা নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করেন। এ সময় ধর্মীয় সংগীত ও নাশিদ পরিবেশন করেন অংশগ্রহণকারীরা। যুদ্ধের ধ্বংসস্তূপের পাশ দিয়ে তাদের এ পদযাত্রা কোরআনের প্রতি গাজ্জাবাসীর ভালোবাসা এবং ধর্মীয় শিক্ষা অব্যাহত রাখার প্রত্যয়ের প্রতীক হয়ে ওঠে।

অনুষ্ঠানে ড. মুহাম্মদ সালেম বলেন, এক হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা দেওয়ার আয়োজনটি কেবল সম্মাননা অনুষ্ঠান নয়; বরং ধৈর্য, অধ্যবসায় ও ঈমানি প্রচেষ্টার এক হাজার গল্পের উদ্‌যাপন। নানা প্রতিকূলতা ও কঠিন চ্যালেঞ্জের মধ্যেও ফিলিস্তিনে কোরআনের শিক্ষা ও সংরক্ষণের কার্যক্রম অব্যাহত থাকার প্রমাণ এই অর্জন।

হাফেজ-হাফেজাদের উদ্দেশে তিনি বলেন, কোরআন মুখস্থ করাই যেন তাদের পথচলার শেষ না হয়। বরং এটি হওয়া উচিত নতুন যাত্রার সূচনা। কোরআনের আয়াতের অর্থ বোঝা, তা অনুধাবন করা এবং সে অনুযায়ী জীবন পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে সন্তানদের কোরআন চর্চা অব্যাহত রাখতে অভিভাবকদের যত্নবান হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আল-বারাকা অ্যাসোসিয়েশনের সভাপতি শাদি জেনিনা গাজ্জার মানুষের দৃঢ় মনোবল এবং প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজের ধারাবাহিকতা ধরে রাখার প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, এ অর্জন মন্ত্রণালয় ও সংস্থাটির যৌথ সহযোগিতার ফল। গাজ্জায় কোরআন হিফজের কার্যক্রমে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

হাফেজ-হাফেজাদের পক্ষ থেকে বক্তব্য দেন গাজ্জা উপত্যকায় প্রথম স্থান অর্জনকারী হাফেজা হিবা আল-হিমস। তিনি বলেন, কোরআনের বাহকদের সম্মাননা দেওয়া কেবল পুরস্কার বা উপাধি অর্জনের বিষয় নয়; বরং এটি সেই হৃদয়গুলোর প্রতি সম্মান, যারা আল্লাহর কিতাবকে জীবনের সঙ্গী ও পথচলার আলো হিসেবে গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, কোরআন হিফজ শেষ গন্তব্য নয়, বরং নতুন অঙ্গীকার ও দায়িত্বের সূচনা। কোরআনের আয়াতের অর্থ বোঝা, এর বিধান অনুসরণ করা এবং শিক্ষার আলোকে নিজেদের চরিত্র গঠন করা জরুরি।

অনুষ্ঠানের শেষ পর্বে উত্তীর্ণ হাফেজ-হাফেজাদের হাতে সম্মাননাপত্র ও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় তাঁদের পরিবারের সদস্য ও অতিথিদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়।

অনুষ্ঠানে গাজ্জার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় শিক্ষা বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ সালেম, কোরআন ও সুন্নাহ বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ আল-গালবান, আল-বারাকা অ্যাসোসিয়েশনের সভাপতি শাদি জেনিনা, সহসভাপতি হাতেম আল-ইয়াজিসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্ব, হাফেজ-হাফেজাদের পরিবারের সদস্য এবং বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

সূত্র: ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা আল-রায় ও ইলখা এজেন্সি

বিভি/এজেড

মন্তব্য করুন: