অবহেলায় হারিয়ে যায় জীবনের শ্রেষ্ঠ যে দুই নিয়ামত
ছবি: সংগৃহীত
জীবনে অনেক কিছু অর্জনের পেছনে ছুটতে গিয়ে মানুষ কখনো কখনো সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর কথাই ভুলে যায়। অর্থ-সম্পদ, সাফল্য কিংবা ব্যস্ততার ভিড়ে অবহেলিত থেকে যায় সুস্থতা ও অবসর সময়। অথচ এই দুটি নিয়ামত যথাযথভাবে কাজে লাগাতে না পারায় অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা ড. মিজানুর রহমান আজহারি। পোস্টে তিনি সুস্থতা ও অবসরকে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ দুটি নিয়ামত হিসেবে তুলে ধরেছেন।
পোস্টের সঙ্গে দেওয়া একটি গ্রাফিকসে উল্লেখ করা হয়েছে, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এমন দুটি নিয়ামত রয়েছে, যেগুলোতে অধিকাংশ মানুষ উদাসীন। সেগুলো হলো: সুস্থতা ও অবসর।
সুস্থতা ও অবসরের গুরুত্ব
মানুষ সুস্থ থাকলে স্বাভাবিকভাবে চলাফেরা, কাজকর্ম ও ইবাদত-বন্দেগি করতে পারে। নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, দান-সদকা এবং মানুষের উপকার করার সুযোগ পায়। কিন্তু অসুস্থ হয়ে পড়লে অনেক সময় স্বাভাবিক কাজগুলো করাও কঠিন হয়ে যায়।
অথচ সুস্থ থাকা অবস্থায় অনেকেই ইবাদত ও ভালো কাজের ক্ষেত্রে অবহেলা করেন। সময় থাকতে নামাজ আদায়, কোরআন অধ্যয়ন কিংবা দ্বীনি জ্ঞান অর্জনের সুযোগ কাজে লাগান না। অসুস্থতা দেখা দিলে তখন সুস্থতার মূল্য উপলব্ধি করেন।
অন্যদিকে, অবসর সময়ও মানুষের জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় সময় ব্যয়, অর্থহীন আড্ডা কিংবা অনর্থক কাজে অনেকেই দিনের বড় একটি অংশ কাটিয়ে দেন।
অথচ এই সময়টুকু ইবাদত, জ্ঞান অর্জন, পরিবারকে সময় দেওয়া এবং মানুষের কল্যাণে ব্যয় করা সম্ভব। কর্মব্যস্ততা বেড়ে গেলে চাইলেও অনেক সময় ভালো কাজের সুযোগ পাওয়া যায় না।
হাদিসে এসেছে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
'এমন দুটি নিয়ামত রয়েছে, যে দুটিতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। একটি হলো সুস্থতা, অন্যটি অবসর।' সহিহ বুখারি, হাদিস: ৬৪১২।
হাদিসটির মাধ্যমে মানুষের জীবনের দুটি গুরুত্বপূর্ণ নিয়ামতের যথাযথ মূল্যায়নের শিক্ষা পাওয়া যায়। সুস্থতা ও অবসর থাকতে নেক আমল এবং কল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত রাখার গুরুত্ব এতে স্পষ্ট হয়েছে।
যেভাবে কাজে লাগাবেন এই দুই নিয়ামত
সুস্থতা ও অবসরকে যথাযথভাবে কাজে লাগাতে দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস গড়ে তোলা জরুরি। যেমন—
১. পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা।
২. প্রতিদিন নির্দিষ্ট সময় কোরআন তিলাওয়াত করা।
৩. অবসর সময়ে দ্বীনি জ্ঞান অর্জন করা।
৪. অপ্রয়োজনীয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কমানো।
৫. পরিবার ও আত্মীয়স্বজনের অধিকার আদায় করা।
৬. মানুষের উপকার ও কল্যাণমূলক কাজে অংশ নেওয়া।
৭. সুস্থ শরীরকে ইবাদত ও নেক আমলের কাজে ব্যবহার করা।
জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। বিশেষ করে সুস্থতা ও অবসর এমন দুটি নিয়ামত, যেগুলোর যথাযথ ব্যবহার না করলে পরবর্তী সময়ে অনুশোচনা করতে হতে পারে। তাই সময় ও সুস্থতা থাকতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের কাজে নিজেকে নিয়োজিত রাখার শিক্ষা দেয় এই হাদিস।
বিভি/এনএইচ













মন্তব্য করুন: