• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

কওমি মাদ্রাসাগুলোর প্রতি যত্নবান হতে হবে: ধর্মমন্ত্রী

প্রকাশিত: ১৬:৪৯, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৫০, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কওমি মাদ্রাসাগুলোর প্রতি যত্নবান হতে হবে: ধর্মমন্ত্রী

ছবি: সংগৃহীত

খতমে নবুওয়াতের বিশ্বাসকে ইসলামের মৌলিক আকিদা হিসেবে উল্লেখ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। এ বিশ্বাস অস্বীকারকারীরা মুসলমান নয় বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত খতমে নবুওয়াত জাতীয় সেমিনারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।

তিনি বলেন, মানবজাতিকে সঠিক পথের দিশা দিতে মহান আল্লাহ হজরত আদম (আ.) থেকে শুরু করে বিভিন্ন যুগে অসংখ্য নবী ও রাসুল পাঠিয়েছেন। নবুওয়াতের সেই ধারার পূর্ণতা ও সমাপ্তি হয়েছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে। তাই তাঁকে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করা ইসলামের অপরিহার্য আকিদা।

ধর্মমন্ত্রী আরও বলেন, মহান আল্লাহ ও তাঁর রাসুলের (সা.) নির্দেশ পালনে প্রয়োজনে জীবন দিতেও তিনি প্রস্তুত। যারা মহানবী মুহাম্মদ (সা.)-কে আখেরি নবী হিসেবে বিশ্বাস করে না, তারা মুসলমান নয়।

কওমি মাদ্রাসার গুরুত্ব তুলে ধরে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, কওমি মাদ্রাসাগুলো মুসলিম সমাজের মূল ভিত্তি। এসব প্রতিষ্ঠানকে যথাযথভাবে দেখভাল করা সবার দায়িত্ব। ঈমান ও ধর্মীয় মূল্যবোধ অটুট রাখতে এসব প্রতিষ্ঠানের প্রতি যত্নবান হতে হবে।

দেশের আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের পাশে থাকার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ইসলামের স্বার্থে এবং আলেম-ওলামাদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখদের সঙ্গে সরকার রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকারি উদ্যোগের কথাও তুলে ধরেন ধর্মমন্ত্রী। তিনি জানান, দেশের মসজিদ, ইমাম-মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পর্যায়ক্রমে দেশের ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুদান কর্মসূচি চালুর পরিকল্পনাও রয়েছে।

বক্তব্যের শেষ পর্যায়ে উপস্থিত আলেম-ওলামা, হেফাজতে ইসলামের আমির ও সেক্রেটারি এবং পীর-মাশায়েখদের কাছে দোয়া চান ধর্মমন্ত্রী। একই সঙ্গে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে দেশ ও জাতিকে রক্ষায় মহান আল্লাহর সাহায্য কামনা করেন তিনি।

বিভি/এনএইচ

মন্তব্য করুন: