ইসলাম গ্রহণের পর উমরাহর সুযোগ পেলেন ৮০ জন
ছবি: সংগৃহীত
ইসলাম গ্রহণের পর পবিত্র মক্কা ও মদিনা সফরের সুযোগ পেলেন কিরগিজস্তানের ৮০ জন নতুন মুসলিম। তাদের প্রত্যেককে উমরাহ পালনের জন্য ভ্রমণ প্যাকেজ উপহার দেওয়া হয়েছে।
কিরগিজস্তানের মুসলিমদের ধর্মীয় পরিদপ্তর (এসডিএমকে) এ তথ্য জানিয়েছে। রাজধানী বিশকেকের ইমাম সারাখসি মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে উমরাহর প্যাকেজ তুলে দেওয়া হয়।
উমরাহর প্যাকেজ পাওয়া ৮০ জনের মধ্যে ৫৫ জন জাতিগতভাবে রুশ এবং ২৫ জন কোরীয় বংশোদ্ভূত। একটি ভ্রমণ সংস্থা কিরগিজস্তানের মুসলিমদের ধর্মীয় পরিদপ্তরের সঙ্গে যৌথভাবে এ দাতব্য উদ্যোগের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির উপ-মুফতি রাফাইল তাতিকভ। তিনি উমরাহযাত্রীদের উদ্দেশে বক্তব্য দেন, তাদের জন্য দোয়া করেন এবং নিরাপদ সফর কামনা করেন।
ভ্রমণ সংস্থাটির প্রধান মাদালি ওইতেমিরভ বলেন, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যেই এ উপহার দেওয়া হয়েছে। উমরাহ সফরে দলটি সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনার বিভিন্ন ধর্মীয় স্থাপনা পরিদর্শন করবে।
হজের মতো উমরাহর জন্য নির্দিষ্ট কোনো তারিখ নেই। ইসলামি বর্ষপঞ্জির যেকোনো সময় মুসলমানরা উমরাহ পালন করতে পারেন।
সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন
বিভি/এনএইচ













মন্তব্য করুন: