আল্লাহর নাম বা আয়াতুল কুরসি লেখা ব্রেসলেট পরা কি জায়েজ?
ছবি: সংগৃহীত
আল্লাহর নাম, ‘বিসমিল্লাহ’ কিংবা আয়াতুল কুরসি লেখা ব্রেসলেট ও লকেট অনেকের কাছে আকর্ষণীয় অলংকার। কেউ এগুলো সৌন্দর্যের জন্য পরেন, আবার কেউ মনে করেন, এমন কিছু সঙ্গে রাখলে বিপদ-আপদ থেকে সুরক্ষা পাওয়া যাবে।
তবে ইসলামে আল্লাহর নাম ও কোরআনের আয়াতের মর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ ধরনের ব্রেসলেট পরার বিধান নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে।
কিছু হানাফি আলেম শর্তসাপেক্ষে আয়াতুল কুরসি লেখা লকেট বা অলংকার পরার অনুমতি দিয়েছেন। শরিয়াহ বোর্ড অব আমেরিকার একটি ফতোয়ায় আয়াতুল কুরসি লেখা লকেট পরাকে জায়েজ বলা হয়েছে। তবে সেখানে শর্ত দেওয়া হয়েছে, পবিত্রতা ছাড়া কোরআনের লেখা যেন শরীরের সঙ্গে সরাসরি স্পর্শ না করে এবং টয়লেটে প্রবেশের সময় লকেটটি খুলে রাখার চেষ্টা করতে হবে।
সুরক্ষার জন্য ব্রেসলেট পরা কি ঠিক? কেউ যদি বিশ্বাস করেন, ব্রেসলেটটি নিজেই তাকে বিপদ থেকে রক্ষা করবে, তাহলে এ বিশ্বাস ইসলামের আকিদার সঙ্গে সাংঘর্ষিক। কারণ, প্রকৃত উপকার ও ক্ষতির মালিক একমাত্র আল্লাহ। কোনো বস্তু নিজ ক্ষমতায় বিপদ দূর করতে পারে, এমন বিশ্বাস করা যাবে না।
আল্লাহর নাম বা কোরআনের আয়াত লেখা কোনো বস্তু ব্যবহার করলে তার সম্মান রক্ষা করতে হবে। এমন স্থানে নেওয়া বা এমনভাবে ব্যবহার করা উচিত নয়, যাতে পবিত্র লেখা অসম্মানিত হয়। এ কারণে অনেক আলেম এ ধরনের ব্রেসলেট বা অলংকার না পরার পরামর্শ দেন। তবে শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া আলেমদের মতও রয়েছে।
তাহলে মুসলিমদের করণীয় কী? আল্লাহর কাছে সুরক্ষা চাওয়ার সবচেয়ে উত্তম উপায় হলো নিয়মিত দোয়া, জিকির, কোরআন তিলাওয়াত ও নেক আমল করা। আয়াতুল কুরসি পড়া, সকাল-সন্ধ্যার মাসনুন জিকির এবং আল্লাহর ওপর ভরসা রাখা মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ আমল।
আল্লাহর নাম বা আয়াতুল কুরসি লেখা ব্রেসলেট পরার বিষয়ে আলেমদের মতভেদ থাকায়, অসম্মানের আশঙ্কা এড়াতে এমন অলংকার পরিহার করাই সতর্কতামূলক সিদ্ধান্ত।
বিভি/এনএইচ













মন্তব্য করুন: