• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

চালু থাকবে এনইআইআর সিস্টেম, অবরোধ-ভাঙচুর অগ্রহণযোগ্য: ফয়েজ তৈয়্যব

প্রকাশিত: ১৩:৩৮, ৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৪১, ৪ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
চালু থাকবে এনইআইআর সিস্টেম, অবরোধ-ভাঙচুর অগ্রহণযোগ্য: ফয়েজ তৈয়্যব

ছবি: ফয়েজ আহমদ তৈয়্যব

মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে আমদানি পর্যায়ে শুল্কহার কমানো হয়েছে এবং কর ফাঁকি দিয়ে আনা হ্যান্ডসেট বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। এ অবস্থায় দোকানপাট বন্ধ রেখে সড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। 

রবিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন পরিদর্শন শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, জাতীয় স্বার্থে এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) সিস্টেম চালু থাকবে। শুরুতে এই ব্যবস্থায় কিছু কারিগরি জটিলতা থাকলেও তা ইতোমধ্যে সমাধান করা হয়েছে। এনইআইআর নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মোবাইল ফোন উৎপাদকদের সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে উল্লেখযোগ্য শুল্কহার কমানোর পরও বিটিআরসি ভবনে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবে।

রাষ্ট্রীয় স্থাপনায় হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, আন্দোলনের নামে দোকানপাট বন্ধ করে দেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

বিভি/এমআর

মন্তব্য করুন: