• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

মাস্টার প্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

প্রকাশিত: ১১:১৯, ২ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
মাস্টার প্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

মাস্টার প্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বুধবার (১ এপ্রিল) ডিএসসিসির নগর ভবনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ (ইউডিজেএফবি)-এর কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আব্দুল্লাহ, সহ-সভাপতি ফয়সাল খান, সাধারণ সম্পাদক হাসান ইমন, উপদেষ্টা অমিতোষ পাল ও হেলিমুল আলমসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, পাকিস্তান আমলে শেরেবাংলা নগরকে দ্বিতীয় শহর হিসেবে মাস্টার প্ল্যান করে রাখা হয়েছিল। বর্তমানে বাস্তবায়নে কিছুটা ব্যত্যয় ঘটেছে। তবে এখন ওই এলাকাটি অনেকটাই পরিকল্পিত শহর। সেখানে বড় বড় রাস্তা রয়েছে, যা দেখতে খুবই সুন্দর। মন্ত্রণালয়ের অনেক বিভাগ ওই এলাকায় স্থানান্তর করা হয়েছে।

তিনি বলেন, ধূপখোলায় তিনটি মাঠ ছিল। সেখানে একটি মাঠ রেখে বাকি জায়গায় মার্কেট নির্মাণ করেছেন সাবেক মেয়র ব্যারিস্টার তাপস। এটি সঠিক সিদ্ধান্ত হয়নি। নগরীতে এমনিতেই মাঠের সংকট রয়েছে। আমরা ওয়ার্ডভিত্তিক মাঠ করার চেষ্টা করছি। অন্তত দুটি ওয়ার্ড মিলে একটি খেলার মাঠ নিশ্চিত করতে গুরুত্ব দিয়ে কাজ করছি।

আবদুস সালাম বলেন, রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নির্দেশে কিছু উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা বাসগুলো সরিয়ে কাঁচপুর টার্মিনালে নেওয়ার কাজ চলছে। কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণাধীন রয়েছে। এছাড়া কেরানীগঞ্জের বাঘৈরে আরও একটি আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ করা হবে। এসব টার্মিনাল চালু হলে শহরের ভেতরে আন্তঃজেলা বাস প্রবেশ কমবে এবং যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

তিনি আরও বলেন, রাজধানীতে বহু সমস্যা রয়েছে এবং এসব সমস্যার সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ জন্য নগর সরকার গঠন জরুরি। নগর সরকার ছাড়া এসব সমস্যা সমাধান সম্ভব নয়। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এছাড়া ফুটপাত দখল, মার্কেট দখল, অনিয়ন্ত্রিত রিকশাসহ নগরীর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কাজ চলছে বলেও জানান তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: