• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

১৯ মাস পর চট্টগ্রাম থেকে ফ্লাই দুবাইয়ের ফ্লাইট চালু

প্রকাশিত: ১১:৩২, ২ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
১৯ মাস পর চট্টগ্রাম থেকে ফ্লাই দুবাইয়ের ফ্লাইট চালু

দীর্ঘ ১৯ মাস পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাই দুবাইয়ের ফ্লাইট পুনরায় চালু হয়েছে। এর ফলে সপ্তাহে আগমনী ও বহির্গমণ মিলিয়ে ১৪টি আন্তর্জাতিক ফ্লাইট যুক্ত হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও বিমানবন্দর কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় এ ফ্লাইট পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ২০২৪ সালের ৩১ আগস্ট ফ্লাই দুবাই সর্বশেষ এই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে। এরপর বিভিন্ন সীমাবদ্ধতার কারণে প্রায় ১৯ মাস ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল।

তিনি আরও জানান, বর্তমানে ফ্লাই দুবাই চট্টগ্রাম-দুবাই রুটে প্রতিদিন একটি আগমনী ও একটি বহির্গমণ ফ্লাইট পরিচালনা করছে।

এর অংশ হিসেবে বুধবার সকাল ৯টায় ফ্লাই দুবাইয়ের ফ্লাইট (FZ563) দুবাই থেকে চট্টগ্রামে অবতরণ করে এবং সকাল ১০টায় (FZ564) ফ্লাইটটি চট্টগ্রাম থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবারও এই ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।

ফ্লাইট পুনরায় চালু হওয়ায় প্রবাসী যাত্রীদের যাতায়াতে সুবিধা বৃদ্ধি পাবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: