• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দী মরদেহ উদ্ধার 

প্রকাশিত: ১৬:২০, ১২ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রামে ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দী মরদেহ উদ্ধার 

চট্টগ্রামের হালিশহর আনন্দবাজার এলাকার একটি ড্রেন থেকে এক অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) সকালে নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকার ময়লার ডিপোর পাশের একটি ড্রেনে তার মরদেহ পাওয়া যায়। 

পুলিশ জানায়, স্থানীয় লোকজন সকালে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, নিহত ব্যক্তির পকেটে অটোরিকশার একটি চাবি পাওয়া গেছে। তাই ধারণা করা হচ্ছে, তিনি অটোরিকশাচালক। তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। কী কারণে, কারা ওই ব্যক্তিকে হত্যা করেছে, তা তদন্ত করা হচ্ছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: