রাজধানীতে ইফতার বিতরণে ভিন্নধর্মী মানবিক আয়োজন
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বনশ্রী এলাকায় এক ভিন্নধর্মী মানবিক আবহের সৃষ্টি হয়, যেখানে ‘নিঃসঙ্কোচ ফাউন্ডেশন’-এর ইফতার বিতরণ কার্যক্রমে অংশ নেন জনপ্রিয় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আলতাফ উদ্দিন আকরমী। তিলোত্তমা ঢাকার ব্যস্ত রাজপথে যখন ইফতারের মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে আসে, তখন এক টুকরো প্রশান্তি নিয়ে বেইলি রোড ও শান্তিনগরের পাশাপাশি বনশ্রী এলাকায় রিকশাচালক, পথচারী এবং নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটির একদল তরুণ স্বেচ্ছাসেবী।
সরেজমিনে দেখা যায়, ইফতারের সময় ঘনিয়ে আসলেও যারা যানজট বা কাজের চাপে গন্তব্যে পৌঁছাতে পারেননি, তাদের হাতে সযত্নে প্রস্তুত করা ইফতারের প্যাকেট ও পানির বোতল তুলে দেওয়া হচ্ছে। বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী এবং বয়োবৃদ্ধদের কাছে গিয়ে পরম মমতায় খাবার পৌঁছে দেওয়ার দৃশ্যটি ছিলো অত্যন্ত আবেগঘন।
আয়োজনে অংশ নিয়ে আলতাফ উদ্দিন আকরমী জানান, ইফতারের ঠিক আগে যখন সবাই দ্রুত বাসায় পৌঁছানোর তাড়াহুড়ো করে, তখন মানুষের মেজাজ কিছুটা খিটখিটে থাকে। ঠিক সেই সময়ে ‘নিঃসঙ্কোচ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে এই ইফতারের উপহার পাওয়া অত্যন্ত আনন্দদায়ক এবং একে তিনি একটি বিশেষ ‘টোকেন অফ লাভ’ বা ভালোবাসার নিদর্শন হিসেবে বর্ণনা করেন।
সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যাদের দেওয়ার সামর্থ্য আছে তাদের উচিত ব্যক্তিগতভাবে অথবা এ ধরনের সংগঠনের মাধ্যমে অভাবী মানুষের পাশে দাঁড়ানো। তিনি আরও আশা প্রকাশ করেন যে, সাধারণ মানুষ যাতে এই ফাউন্ডেশনের মাধ্যমেও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
মূলত যারা মানসম্মত খাবার ছাড়া রোজা ভাঙতে বাধ্য হতেন, তাদের মুখে তৃপ্তির হাসি ফোটানোই এই উদ্যোগের সার্থকতা।
নিঃসঙ্কোচ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্তমানবতার সেবায় ভালোবাসার এই বিশেষ প্রয়াস কেবল নির্দিষ্ট কোনো দিনের জন্য নয়, বরং পুরো রমজান মাস জুড়েই ঢাকা শহরে অব্যাহত রাখা হবে।
বিভি/এআই



মন্তব্য করুন: