• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে ২ ঘণ্টা  

প্রকাশিত: ১১:২৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে ২ ঘণ্টা  

আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। এবারের বইমেলার প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’। দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এ কারণে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সাময়িকভাবে দুই ঘণ্টা বন্ধ রাখা হবে। নির্ধারিত সময়ে কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা বের হতে পারবেন না এবং কোনো ট্রেনও সেখানে থামবে না। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর দায়িত্বশীল একাধিক কর্মকর্তা।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বাংলা একাডেমি থেকে ডিএমটিসিএলকে দেওয়া এক চিঠিতে জানানো হয়, প্রতিবছরের ধারাবাহিকতায় আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণ ও তৎসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ‘অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা ২০২৬’ অনুষ্ঠিত হবে। 

চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন মর্মে সম্মতি জ্ঞাপন করেছেন। এ পরিপ্রেক্ষিতে উদ্বোধনের দিন মেট্রোর ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সাময়িক বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

মেলার বিন্যাস গতবারের মতো থাকলেও মেট্রোরেল স্টেশনের অবস্থানগত কারণে বাহিরপথ কিছুটা সরিয়ে মন্দির গেটের কাছে নেওয়া হয়েছে। টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্লান্ট ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অংশে থাকবে চারটি প্রবেশ ও বাহিরপথ।

খাবারের স্টলগুলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সীমানা ঘেঁষে সুবিন্যস্তভাবে রাখা হয়েছে। নামাজের স্থান, ওয়াশরুমসহ প্রয়োজনীয় অন্যান্য সেবা অব্যাহত থাকবে। পবিত্র রমজান উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যান অংশে তারাবি নামাজের ব্যবস্থাও থাকবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত