• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

আগারগাঁওয়ে আসমার ১২ আইটেমের ইফতার মিলছে ১০ টাকায়!

প্রকাশিত: ১৩:৩৮, ৫ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
আগারগাঁওয়ে আসমার ১২ আইটেমের ইফতার মিলছে ১০ টাকায়!

ছবি: আসমার ১০ টাকার ইফতার

রমজানের বিকালে ইফতারের সময় ঘনিয়ে আসতেই রাজধানীর আগারগাঁও এলাকায় একটি ছোট্ট ফুড কার্টের সামনে ভিড় জমে অসহায় ও নিম্ন আয়ের মানুষের। কারণ, এখানেই নামমাত্র মূল্যে মিলছে বাহারি ইফতার সামগ্রী।

ছোলা, মুড়ি, চপ, বেগুনি, আপেল, খেজুর, কলা, ডিম ও জিলাপিসহ প্রায় এক ডজন আইটেমে সাজানো এই ইফতার প্লেটের বাজারমূল্য প্রায় ১৫০ টাকা। তবে অসহায় ও নিম্ন আয়ের মানুষদের জন্য সেটি দেওয়া হচ্ছে মাত্র ১০ টাকায়। অভিনব এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন তরুণ উদ্যোক্তা আসমা।

২০২৪ সালে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে একটি প্রাইভেট চাকরি ছেড়ে দেন আসমা। এরপর আগারগাঁও এলাকায় মাত্র দুটি হাঁস দিয়ে শুরু করেন ‘আসমা ফুড কার্ট’। শুরুতে পরিবারের সমর্থন না পেলেও ধীরে ধীরে তার পরিশ্রম ও দৃঢ়তা দেখে পাশে দাঁড়ায় পুরো পরিবার। বর্তমানে পরিবারের সহযোগিতায়ই পরিচালিত হচ্ছে তার এই ছোট্ট ব্যবসা।

পবিত্র রমজান মাসের শুরু থেকেই বিশেষ এই ১০ টাকার ইফতার প্যাকেজ চালু করেছেন তিনি। প্রায় ১২ ধরনের আইটেমে সাজানো এই প্যাকেটের লক্ষ্য ব্যবসা নয়, বরং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। আসমা বলেন, সারা বছর ব্যবসা করলেও রোজার মাসে মানুষের জন্য কিছু করতে পারাটাই তার কাছে সবচেয়ে বড় তৃপ্তি।

১০ টাকায় এতগুলো আইটেমের ইফতার পেয়ে সন্তুষ্ট নিম্ন আয়ের মানুষেরা। তাদের ভাষ্য, বর্তমান বাজারদরে যেখানে নিত্যপণ্যের দাম বাড়ছে, সেখানে এই উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা।

আসমার এমন মানবিক উদ্যোগে গর্বিত তার বাবা ও পরিবারের সদস্যরা। তাদের বিশ্বাস, ছোট্ট এই প্রচেষ্টা সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দেবে আরও বিস্তৃত পরিসরে।

মানুষের জন্য কিছু করার ইচ্ছা থাকলে ছোট উদ্যোগও বড় পরিবর্তনের সূচনা করতে পারে—আসমার ১০ টাকার ইফতার উদ্যোগ তারই উজ্জ্বল উদাহরণ।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত